দুই বছর অনেকটাই নিয়ন্ত্রণে থাকার পর চট্টগ্রামে আবারও ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। চলতি বছরের প্রথম ১০ মাস ২০ দিনেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ২০২৪ ও ২০২৫ সালের পুরো বছরের পরিসংখ্যান। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৩৩ জন। এ সময়ে প্রাণ হারিয়েছেন ৪৭ জন। অথচ ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩২৩ জন, মারা গিয়েছিলেন ৪৫ জন। আর ২০২৫ সালে ৪ হাজার ৮৬৪ জন আক্রান্তের বিপরীতে মৃত্যু হয়েছিল ২৭ জনের।
সিভিল সার্জন কার্যালয়ের পাঁচ বছরের তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ৪৪৫ জন, মৃত্যু হয়েছিল ৪১ জনের। পরের বছর ২০২৩ সালে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সে বছর আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং প্রাণ হারান ১০৭ জন। এরপর ২০২৪ সালে সংক্রমণ কমে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩২৩ জনে নেমে আসে। ২০২৫ সালে তা সামান্য বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৮৬৪ জনে।
তবে চলতি বছর নভেম্বরের ২০ তারিখেই আক্রান্তের সংখ্যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৯৫ শতাংশ এবং ২০২৫ সালের তুলনায় প্রায় ৭৩ শতাংশ বেড়েছে। একইভাবে ৪৭ জনের মৃত্যু আগের দুই বছরের যেকোনো এক বছরের প্রাণহানির সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
তথ্য বিশ্লেষণের দেখা যায়, এবার সংক্রমণের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর চিত্রও। চলতি বছরের মোট মৃত্যুর মধ্যে নারী ২৫ জন, শিশু ১২ জন এবং পুরুষ ১০ জন। অর্থাৎ প্রাণহানির প্রায় ৭৯ শতাংশই নারী ও শিশু। এলাকাভিত্তিক হিসাবে উপজেলায় মারা গেছেন ২২ জন, নগরীর ১৫ জন এবং অন্যান্য জেলা থেকে চট্টগ্রামে চিকিৎসা নিতে আসা ১০ জন রোগী। আক্রান্তদের মধ্যে নগরের ৩ হাজার ৯৪৫ জন, ১৫টি উপজেলায় ৩ হাজার ৬২১ জন এবং অন্যান্য জেলা থেকে এসে চিকিৎসা নিয়েছেন ৮৬৭ জন। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সীতাকুণ্ডে ১ হাজার ২৮০ জন। এছাড়া কর্ণফুলীতে ৩৭৪ জন এবং বাঁশখালীতে ২৯৮ জন আক্রান্ত হয়েছেন।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বছরের প্রথম ছয় মাসে আক্রান্ত ছিলেন ৩০৬ জন, মৃত্যু হয়েছিল একজনের। এরপর জুলাইয়ে ৫৩৬ জন এবং আগস্টে ১ হাজার ২০২ জন আক্রান্ত হন। সেপ্টেম্বর ও অক্টোবরে সংক্রমণ আরও তীব্র হয়ে ওঠে। এ দুই মাসে যথাক্রমে ২ হাজার ৪৩০ ও ২ হাজার ৬০৮ জন আক্রান্ত হন। সেপ্টেম্বর মাসে ১৬ জন এবং অক্টোবরে ১৫ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ২০ দিনেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৯ জন এবং মারা গেছেন ১১ জন।
মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবুল ফয়সাল মো. নুরুদ্দীন চৌধুরী বলেন, অনেকেই জ্বরকে সাধারণ মৌসুমি জ্বর ভেবে অবহেলা করছেন এবং শক সিনড্রোম বা প্ল্যাটিলেট আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার পর হাসপাতালে আসছেন। যার কারণে আগের দুই বছরের তুলনায় এ বছর প্রাণহানি বেশি ঘটছে।
এদিকে, সিভিল সার্জন কার্যালয়ের গতকালের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চলতি বছর আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৭৭১ জন এবং বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬৬২ জন। এ পর্যন্ত ৮ হাজার ২৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন। মোট ৪৭ জনের মৃত্যুর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে দুজন, বিআইটিআইডিতে একজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩০ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে।
পূর্বকোণ/নুসরাত

















