চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পূজারি বেশে মন্দিরে ঢুকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার ২ নারী

পূজারি বেশে মন্দিরে ঢুকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার ২ নারী

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২৬ | ৯:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অন্নকূট অনুষ্ঠানের ভিড়ে পূজারির ছদ্মবেশে মন্দিরে ঢুকে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া সাড়ে ১২ আনা ওজনের চেইন দুটি উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ারা বেগম (২৫) ও আছিয়া বেগম (২২)। তাদের দুজনেরই বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়।
 
পুলিশ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে চান্দগাঁও থানার মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোডে শ্রীশ্রী রাধাগোবিন্দ ইসকন মন্দিরে অন্নকূট উৎসব উপলক্ষে কয়েক হাজার মানুষের সমাগম হয়। দুপুর ১টার দিকে প্রবেশপথের ভিড় ঠেলে মন্দিরে ঢোকার সময় রাসনা দাশ ও ঝুমকি দাশ নামের দুই নারীর গলা থেকে ৬ আনা ও সাড়ে ৬ আনা ওজনের দুটি স্বর্ণের চেইন চুরি হয়।
 
চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। এতে আনোয়ারা ও আছিয়ার গতিবিধি সন্দেহজনক মনে হলে মন্দির প্রাঙ্গণ থেকেই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের কাছ থেকে চেইন দুটি উদ্ধার হয়। চুরির উদ্দেশ্যে তারা পূজারির বেশ ধরেন এবং পরিচয় আড়াল করতে একজন হাতে শাঁখা ও কপালে সিঁদুরও পরেন।
 
ওসি আরও জানান, গ্রেপ্তার দুজনই পেশাদার চোর। আনোয়ারার বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় এবং আছিয়ার বিরুদ্ধে গাজীপুর, সীতাকুণ্ড ও ফটিকছড়ি থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী রাসনা দাশ বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি মামলা করেছেন।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট