চট্টগ্রাম শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

চাঞ্চল্যের সঙ্গে আছে শঙ্কাও

শঙ্কা একক প্রার্থী নির্ধারণে, বাড়তে পারে বিদ্রোহী প্রার্থী

ইউপি নির্বাচন: চাঞ্চল্যের সঙ্গে আছে শঙ্কাও

মোহাম্মদ আলী

২১ নভেম্বর, ২০২৬ | ১২:১৬ অপরাহ্ণ

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের গ্রামীণ রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ফিরলেও, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কমিটি না থাকায় বিএনপির ভেতরে অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তির শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই চট্টগ্রামের বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। তবে চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ও দক্ষিণ জেলায় দীর্ঘদিন ধরে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির কমিটি না থাকায় দলীয় শৃঙ্খলা রক্ষা এবং একক প্রার্থী চুড়ান্ত করা নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

 

নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী, চট্টগ্রামের ১৫টি উপজেলার ১৯১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৮৯টি নির্বাচনের উপযোগী রয়েছে। ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষ প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এ ধাপে চট্টগ্রামের চার উপজেলার ৫৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

 

উপজেলাগুলো হলো- মিরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ ও হাটহাজারী। দ্বিতীয় ধাপে উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম মিলিয়ে শতাধিক ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। এরপর ধাপে ধাপে অন্যান্য উপজেলাগুলোতে ইউপি নির্বাচন করা হবে।

 

এদিকে চট্টগ্রামের ইউনিয়ন পরিষদগুলোতে দলীয় সমর্থন পেতে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে জনসংযোগ ও তৎপরতা শুরু করেছেন। এ ক্ষেত্রে প্রায় প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে কমপক্ষে ৫ থেকে ৬জন মনোনয়ন প্রত্যাশীর তৎপরতা চোখে পড়ছে। কিন্তু দীর্ঘদিন ধরে উত্তর জেলা এবং দক্ষিণ জেলার ৮ উপজেলা, ৬ পৌরসভা ও এক ইউনিট এবং ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি না থাকায় একক প্রার্থী নির্ধারণে বিএনপিকে বেগ পেতে হবে বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা।

 

তৃণমূল নেতাকর্মীদের মতে, নির্বাচনের আগে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত কমিটি গঠন করা না হলে প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। সাংগঠনিক কাঠামো দুর্বল থাকায় কেন্দ্র বা জেলার সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার প্রবণতা এবং অভ্যন্তরীণ গ্রুপিং প্রকাশ্যে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তবে কমিটি না থাকায় বিশেষ যাচাই-বাছাই কমিটি গঠন করেছে দক্ষিণ জেলা বিএনপি। সব মিলিয়ে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের গ্রামীণ জনপদে বিএনপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী সাফল্য অনেকটাই নির্ভর করছে দলীয় কোন্দল নিরসন এবং দ্রুত তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর।

 

বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, নির্বাচন কমিশনের প্রস্তুতির খবরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ও গণসংযোগে মুখর হয়ে উঠেছে জেলার গ্রামাঞ্চল। তবে নির্বাচনী এই আমেজের মাঝেও বিএনপির কমিটি না থাকায় সাংগঠনিক দুর্বলতা ও অভ্যন্তরীণ কোন্দলের শঙ্কায় রয়েছে। তৃণমূলে সমন্বয়হীনতার পাশাপাশি একাধিক ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

 

সূত্র জানায়, ২০২৫ সালের ২৯ জুলাই রাউজানের পশ্চিম গহিরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের পর উত্তর জেলা কমিটি ভেঙ্গে দেয় কেন্দ্র। এরপর থেকে নতুন করে কমিটি ঘোষণা দেওয়া হয়নি। এ অবস্থায় স্থবির হয়ে পড়েছে দলের রাজনৈতিক কর্মকাণ্ড। এমন কি দলের সুসময়ে এসেও উত্তর জেলা বিএনপির কোনো কর্মসূচি থাকে না।

 

জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম পূর্বকোণকে বলেন, ‘উত্তর জেলা বিএনপির নতুন কমিটি গঠন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। কমিটির অবর্তমানে প্রতিটি সংসদীয় এলাকায় সংশ্লিষ্ট সংসদ সদস্যরা দলের ইউপি চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী চূড়ান্ত করবেন।’

 

এদিকে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি দেয় কেন্দ্র। এরপর একই বছরের ৫ মে কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয় ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি। এর ১৭ দিন পর ২২ মে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম সভায় জেলার আওতাধীন মেয়াদোত্তীর্ণ সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়।

 

দলের সাংগঠনিক গতিশীলতা ও পুনর্গঠনের লক্ষ্যে জেলা কমিটি এ সিদ্ধান্ত নেয় বলে কমিটির পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু গত ২২ মাসেও কমিটি ছাড়াই চলছে দক্ষিণ জেলার আওতাধীন ৮ উপজেলা, ৬ পৌরসভা ও ১ সাংগঠনিক ইউনিট। এ জন্য আসন্ন ইউপি নির্বাচনে চূড়ান্ত  প্রার্থী নির্ধারণে বেগ পেতে পারে জেলা কমিটি। তবে উপজেলা, পৌরসভা ও সাংগঠনিক ইউনিটের আহ্বায়ক কমিটির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে জেলা কমিটি। যে কোন সময় কমিটি ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন।

 

পূর্বকোণকে তিনি বলেন, ‘বর্তমানে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এর আগে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে থাকলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য তা স্থগিত করা হয়েছিল। তবে এবার খুব সহসা এসব কমিটি ঘোষণা আসতে পারে। তারপরও কোনো ব্যত্যয় ঘটলে নির্বাচন পরিচালনার জন্য উপজেলা ও ইউনিয়ন ওয়ারি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।’

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট