চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পাঁচ মাস বেতন নেই চুয়েটের গবেষণা সহকারীদের, আটকে আছে নতুন পে-স্কেল

পাঁচ মাস বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, আটকে আছে নতুন পে-স্কেল

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২৬ | ৭:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন ও প্রশাসনিক অচলাবস্থার জেরে আর্থিক ব্যবস্থাপনায় স্থবিরতা দেখা দিয়েছে। গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না বিভিন্ন গবেষণা প্রকল্পের গবেষণা সহকারীরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে অর্থ বরাদ্দ এলেও প্রশাসনিক জটিলতায় তা ছাড় করা যাচ্ছে না। পাশাপাশি আটকে রয়েছে শিক্ষক-কর্মকর্তাদের নতুন জাতীয় পে-স্কেল কার্যকরের প্রক্রিয়া।
 
বিশ্ববিদ্যালয় সূত্র জানান, আগে তহবিলে অর্থ না থাকায় গবেষণা সহকারীদের বেতন বন্ধ ছিল। সম্প্রতি ইউজিসি বরাদ্দ দিলেও বেতন ছাড়ের জন্য কম্পট্রোলারের কার্যালয় হয়ে উপাচার্যের অনুমোদন প্রয়োজন। কিন্তু উপাচার্য ভবনে তালা ঝুলানো ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম বন্ধ থাকায় প্রক্রিয়াটি থমকে আছে।
 
যন্ত্রকৌশল বিভাগের গবেষণা সহকারী তানজিলুর রহমান জানান, পাঁচ মাস বেতন না পেয়ে তাদের ধারদেনা করে চলতে হচ্ছে। কর্মজীবনে প্রবেশ করে পরিবার চালানোর সময়ে এমন অচলাবস্থা তাদের চরম বিপাকে ফেলেছে। 
 
চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক সজল চন্দ্র বণিক বলেন, বরাদ্দ আসার পর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত থাকলেও কম্পট্রোলারের দপ্তর বন্ধ থাকায় তা পাঠানো যাচ্ছে না।
 
অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নতুন পে-স্কেল চালু হলেও চুয়েটের কর্মকর্তা-কর্মচারীরা তা থেকে বঞ্চিত রয়েছেন বলে জানান চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইকরাম। 
 
কম্পট্রোলার মো. শফিকুল আলম বলেন, উপাচার্য ভবনে তালা থাকায় কম্পট্রোলারের কার্যালয় বন্ধ রয়েছে, ফলে নতুন পে-স্কেলের অনুমোদন প্রক্রিয়াও এগোচ্ছে না।
 
তবে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। তিনি জানান, সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই কম্পট্রোলার সেকশনকে ই-মেইলে বিষয়টি জানানো হয়েছে এবং শিক্ষক-কর্মকর্তারা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। এখন পর্যন্ত কেউ পে-স্কেলসংক্রান্ত কোনো আনুষ্ঠানিক মতামত বা আপত্তি জানাননি, সেহেতু প্রশাসনিকভাবে বিষয়টি স্বাভাবিক গতিতেই রয়েছে বলে প্রতীয়মান হয়।
 
গবেষণা সহকারীদের বেতন বকেয়ার বিষয়ে তিনি বলেন, একজন গবেষণা সহকারী ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইনকে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়; আনুষ্ঠানিকভাবে আর কেউ জানাননি।
 
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ ও কর্মবিরতি শুরু হয়। ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও উপাচার্য ভবনে তালা থাকায় প্রশাসনিক কার্যক্রম এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট