দীর্ঘদিনের প্রতীক্ষা ও জাতীয় সংসদে দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে আধুনিক ও নিয়মিত যাত্রীসেবা চালু হতে যাচ্ছে। এ রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের এ সিদ্ধান্তে ফটিকছড়ি ও হাটহাজারী অঞ্চলের হাজারো শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ যাত্রীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এ-সংক্রান্ত একটি দাপ্তরিক চিঠি জারি করা হয়। উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. মেহেদী হাসান স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়েছে, রূপান্তরিত নতুন ট্রেনগুলোর নাম হবে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’।
রেলওয়ের চিঠিতে উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর সাতটি কোচের একটি বিশেষ রেক গঠন করে ট্রেনগুলো পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত কোচ বিন্যাস অনুযায়ী প্রতিটি ট্রেনে মোট ৩৩৪টি আসন থাকবে।
সংসদে দাবি ও প্রেক্ষাপট
উত্তর চট্টগ্রামের মানুষের যাতায়াত সহজ করতে চট্টগ্রাম-নাজিরহাট রুটে নিয়মিত ট্রেন চালুর দাবি দীর্ঘদিনের। গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর জাতীয় সংসদে চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল পুনরায় চালুর দাবি জানান। একইসঙ্গে তিনি নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবিও উত্থাপন করেন।
এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার বরাবর দেওয়া এক নোটিশে সংসদ সদস্য উল্লেখ করেছিলেন, নিয়মিত ট্রেন না থাকায় ফটিকছড়ির শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের ব্যয়বহুল ও সময়সাপেক্ষ সড়কপথের ওপর নির্ভর করতে হচ্ছে। এছাড়া এ অঞ্চলের কৃষি, চা ও রাবার শিল্পের উৎপাদিত পণ্য কম খরচে পরিবহন এবং রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের মাধ্যমে সীমান্ত বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনে কার্যকর রেল যোগাযোগ অপরিহার্য।
এ প্রসঙ্গে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, ‘ফটিকছড়িবাসীর প্রাণের দাবি আমি সংসদে তুলে ধরেছিলাম। রেলওয়ে এখন কমিউটার ট্রেনের অনুমোদন দিয়েছে। আশা করছি, ভবিষ্যতে নাজিরহাট থেকে রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কাজও বাস্তবায়িত হবে, যা এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।’
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















