চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়াপাখিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।
সোমবার (১৬ নভেম্বর) জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজির সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সরকারি শুল্ক, নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ ভঙ্গ করে কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে টিয়াপাখিগুলো নিয়ে আসছিলেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজির সামনে অভিযান চালিয়ে ৮০টি টিয়াপাখিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/পিআর

















