যুক্তরাজ্যে চলতি (২০২৬-২৭) অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর এ তথ্য পর্যালোচনা করেছে বাংলাদেশ ভয়েজ অ্যাপারেল।
এই সময়ে রপ্তানি হয়েছে ১৬৪ কোটি ৮ লাখ ডলারের পোশাক, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৫৩ কোটি ৩৯ লাখ ডলার। অর্থাৎ রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার।
মাসভিত্তিক হিসাবে জুলাই মাসে রপ্তানি ২ দশমিক ৪৪ শতাংশ কমলেও পরের তিন মাসেই দুই অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। আগস্টে বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ, সেপ্টেম্বরে ১১ দশমিক ৭১ শতাংশ এবং অক্টোবরে ১০ দশমিক ৭২ শতাংশ।
এই চার মাসে মাসিক গড় আয় দাঁড়িয়েছে ৪১ কোটি ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩৮ কোটি ৩০ লাখ ডলার। মাত্র চার মাসেই অর্জিত হয়েছে গত ২০২৫-২৬ অর্থবছরের মোট রপ্তানির (৪৩৯ কোটি ডলার) ৩৭ দশমিক ৪ শতাংশ।
জুলাই-অক্টোবর সময়ে যুক্তরাজ্য ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একক দেশীয় পোশাক বাজার, যুক্তরাষ্ট্রের পরেই। এরপর রয়েছে স্পেন ও জার্মানি।
বাংলাদেশ বর্তমানে যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিসিটিএস)-এর আওতায় পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর এবং যুক্তরাজ্যের ট্রানজিশন পিরিয়ড শেষে বাংলাদেশ এনহ্যান্সড প্রেফারেন্সেস-এ যাবে, যেখানে আমদানি করা কাপড় দিয়ে তৈরি পোশাকও সিঙ্গেল-স্টেজ ট্রান্সফরমেশনের আওতায় শুল্কমুক্ত সুবিধা পাবে।
রপ্তানিকারকদের মতে, এই সুবিধা বাংলাদেশকে উচ্চমূল্যের এবং ম্যান-মেড ফাইবার পণ্যের দিকে যাওয়ার জন্য সময় দেবে, যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি থাকা প্রতিযোগী দেশগুলো ব্যবধান কমিয়ে আনার আগেই।
পূর্বকোণ/ইবনুর


















