মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার বাড়ানোর বিষয়ে ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কঠোর অবস্থানের কারণে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় মূল্যবান এই ধাতুর দাম।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার স্পট মার্কেটে সোনার দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৪০ ডলার ৫২ সেন্টে দাঁড়িয়েছে। দিনের শুরুতে দাম গত বছরের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের আগাম দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৪৩ ডলার ৬০ সেন্টে দাঁড়িয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, শক্তিশালী ডলার, যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের উচ্চ মুনাফা এবং ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর জোরালো প্রত্যাশার কারণে স্বর্ণের দাম চাপের মুখে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বাজার নিরপেক্ষ থেকে কিছুটা নিম্নমুখী অবস্থানে রয়েছে।
মার্কিন ডলার ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি থাকায় অন্যান্য মুদ্রায় লেনদেনকারী বিনিয়োগকারীদের জন্য ডলারে নির্ধারিত সোনা কেনার খরচ বেড়েছে। এতে বিশ্ববাজারে সোনার চাহিদার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ শ্মিড রোববার বলেছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো অনেক বেশি। মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংকের আরও কাজ বাকি রয়েছে।
এর আগে শুক্রবার ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসনও মূল্যস্ফীতিকে গুরুত্ব দিয়ে মুদ্রানীতি নির্ধারণের ইঙ্গিত দেন। তার বক্তব্যে সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা দেখছেন বাজার বিশ্লেষকেরা।
সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯২ শতাংশ এবং ৫০ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৮ শতাংশ বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকেরা।
সাধারণত সুদের হার বাড়লে সুদ পাওয়া যায় না এমন সম্পদ হিসেবে সোনায় বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, তখন সুদভিত্তিক বিনিয়োগ থেকে তুলনামূলক বেশি মুনাফার সুযোগ তৈরি হয়। এ কারণে বিনিয়োগকারীরা এখন ফেড কর্মকর্তাদের পরবর্তী বক্তব্য এবং বুধবার প্রকাশিত হতে যাওয়া অক্টোবরের ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন।
টিম ওয়াটারার বলেন, ফেডের কর্মকর্তাদের আরও কঠোর অবস্থানের ইঙ্গিত সোনার বাজারে চাপ বাড়াতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে উদ্বেগের কোনো ইঙ্গিত পাওয়া গেলে সোনার দাম কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
এদিকে, গয়নার চাহিদা কমে যাওয়া এবং উচ্চমূল্যের কারণে বিকল্প ধাতুর ব্যবহার বাড়ায় ২০২৬ সালে বিশ্বব্যাপী রুপার চাহিদা ৫ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সৌরকোষ তৈরিতে রুপার ব্যবহার কমে যাওয়ার বিষয়টিও চাহিদা হ্রাসের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের দরপতনও অব্যাহত রয়েছে। টানা ষষ্ঠ সপ্তাহের মতো শেয়ারটির দাম কমেছে, যা ২০১২ সালের অক্টোবরের পর থেকে প্রতিষ্ঠানটির দীর্ঘতম সাপ্তাহিক দরপতনের ধারা।
বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। সোমবার স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪৭ ডলার ২৬ সেন্টে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৪৭৭ ডলার ৮ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৮২ ডলার ৩৩ সেন্টে।
তথ্যসূত্র: রয়টার্স।
পূর্বকোণ/মিফতা/পারভেজ

















