চট্টগ্রাম সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পৃথক মামলায় মমতাজসহ তিনজনকে গ্রেপ্তারের আদেশ

পৃথক মামলায় মমতাজসহ তিনজনকে গ্রেপ্তারের আদেশ

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৬ | ৬:৩০ অপরাহ্ণ

জুলাই গণ–অভ্যুত্থানকালের পৃথক দুটি হত্যাচেষ্টা ও হত্যা মামলায় আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, তাঁর সাবেক স্বামী রমজান আলী মাদবর ও নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ভার্চুয়ালি শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, জুলাই গণ–অভ্যুত্থানকালে ওমর ফারুক শাকিল নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা হয়। মামলায় মমতাজ বেগম ও রমজান আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম। জুলাই গণ–অভ্যুত্থানকালে তোফাজ্জল হোসেন খান হত্যার ঘটনায় একই থানায় মামলা হয়। এই মামলায় আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. সামছুদ্দোহা।

গ্রেপ্তার দেখানোর আবেদনগুলোয় বলা হয়, এসব মামলার ঘটনার সঙ্গে আসামিদের জড়িত থাকার সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

কারাগারে থাকা আসামিদের আজ আদালতের ভার্চ্যুয়াল শুনানিতে হাজির করা হয়। শুনানি নিয়ে আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

গ্রেপ্তারের আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় ওমর ফারুক শাকিল গুলিবিদ্ধ হন। পরে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় এবং সেখানে তার অস্ত্রোপচার করা হয়।

অন্য মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৫টার দিকে মিরপুর–১০ নম্বর থেকে মিরপুর–২ নম্বরের দিকে বিজয় মিছিলে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন তোফাজ্জল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় শেখ হাসিনার নাম উল্লেখ করে মামলা করে নিহত ব্যক্তির পরিবার।

কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২৬ সালে ২৫ জুন মিরপুর থেকে গ্রেপ্তার হন আশিকা সুলতানা।

 

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট