চট্টগ্রাম সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে ১১ জনের প্রাণহানি, আহত ১৬

থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে ১১ জনের প্রাণহানি, আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৬ | ১২:০০ অপরাহ্ণ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৬ জন।
 
 
সোমবার (১৬ নভেম্বর) ভোরে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
 
 
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রথমে যানবাহন ভাড়া দেওয়ার একটি প্রতিষ্ঠানের ভবনে আগুন লাগে। পরে তা আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
 
 
পুলিশ জানিয়েছে, আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। নিহত ও আহতদের কেউই পর্যটক নন। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
 
 
ভবনটি ফুকেটের পশ্চিম উপকূলের জনপ্রিয় পাটং সমুদ্রসৈকতের কাছের একটি শহর এলাকায় অবস্থিত। এর আগে চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশটিতে আবারও প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তথ্যসূত্র: বার্তা সংস্থা রয়টার্স।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট