বৈশ্বিক শান্তি আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ত্রিপাক্ষিক এক বৈঠকে বসছেন। চলতি সপ্তাহে চীনের শেনজেন শহরে এই তিন বিশ্বনেতা বৈঠকে বসবেন বলে সোমবার বেইজিং জানিয়েছে।
বেইজিং এই বৈঠকের তথ্য নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, এই তিন নেতা বিশ্ব শান্তি রক্ষা এবং বড় শক্তিগুলোর পারস্পরিক সম্পর্কে কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে মতবিনিময় করবেন।
তিনি বলেন, এই তিন বিশ্বনেতার বৈঠকটি যুগান্তকারী তাৎপর্য বহন করবে।
চীনের দক্ষিণাঞ্চলীয় শেনজেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী বৃহস্পতিবার এই ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, এই ত্রিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন এবং হোয়াইট হাউস।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প পারমাণবিক অস্ত্রভাণ্ডার হ্রাস করার বিষয়ে কথা বলতে চান। তিনি ইরানে চলা তার যুদ্ধের প্রসঙ্গও আলোচনায় তুলবেন। তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে তার আলোচনা করার কোনো সম্ভাবনা নেই।
জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার বলেছেন, সাম্প্রতিক এক বৈঠকে ইউক্রেন প্রসঙ্গ যখন উঠে আসে, তখন শি জিনপিং বিরক্তি প্রকাশ করেছিলেন।
তিনি বলেন, বৈঠকে শি জিনপিং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইউরোপীয় সংঘাত বলে উল্লেখ করেন। যে কারণে আলোচনার টেবিলে ইউরোপীয়দেরও উপস্থিত থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বেইজিং নিজের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে আলোচনায় সম্মত হওয়ার আগে যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে তাদের নিজেদের বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার কমাতে হবে বলে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে চীন দীর্ঘদিন ধরে অবস্থান বজায় রেখে চলেছে।
সূত্র: এএফপি।
পূর্বকোণ/রাকিব/পারভেজ


















