চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলি ছোড়ার পর ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। ফোনে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’
রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে গুলি করার ঘটনা ঘটে।
বাড়ির মালিক মো. জাফরের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান প্রায় ১০ মাস আগে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সম্প্রতি আবারও ফোন করে একই অঙ্কের টাকা দাবি করা হয়।
জাফর জানান, প্রায় ১০ মাস আগে চাঁদা দাবির সময় তিনি স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে ছিলেন। দেশে ফেরার পর রায়হান আর যোগাযোগ করেননি। তবে গত বুধবার আবার ফোন করে চাঁদা দাবি করা হয়। এরপর রোববার রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে তার ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই কক্ষে কেউ থাকতেন না। গুলি ছোড়ার পর তাকে ফোন করে হুমকি দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরের বিভিন্ন এলাকায় বড় সাজ্জাদের নাম ব্যবহার করে ব্যবসায়ী ও ভবনমালিকদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন রায়হান ও ডেভিড ইমন। ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর রায়হান চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে।
তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে রায়হান দাবি করেছেন, তাঁর নাম ব্যবহার করে অন্যরা এসব অপকর্ম করছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, বাড়ির মালিক জাফর ভূমি কেনাবেচার সঙ্গে যুক্ত। তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন বলে জানা গেছে। রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ভবন লক্ষ্য করে গুলি ছোড়ে।
ঘটনার সময় এলাকায় উপস্থিত ছিলেন এমন এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি নিজে ছয় রাউন্ড গুলির শব্দ শুনেছি। এরপর আমার সামনে দিয়ে অচেনা কয়েকজন যুবককে বহনকারী দুটি মোটরসাইকেল দ্রুত চলে যেতে দেখি।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান চট্টগ্রামের অপরাধজগতে পরিচিত একটি নাম। তিনি বিদেশে অবস্থানরত দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বড় সাজ্জাদের বাহিনীর সদস্য বলে অভিযোগ রয়েছে। নগরের আরেক শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তারে অভিযানের সময় রায়হান পালিয়ে যান বলে জানা গেছে। এরপর থেকে তিনি অনেকটা আত্মগোপনে রয়েছেন।
তবে আত্মগোপনে থেকেও অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার অভিযোগ সামনে আসছে। সম্প্রতি নগরের মুরাদপুর এলাকায় একরাম নামের এক যুবককে গুলি করার ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ একরামের ভাষ্য অনুযায়ী, হামলার সময় ঘটনাস্থলে রায়হানও উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/মিফতা/পারভেজ

















