চট্টগ্রামের রাউজানে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মো. সাইফুদ্দিন মুরাদকে (৪৮) নামে ছুরিকাঘাতের ঘটনায় মুহাম্মদ সাব্বির হাসান (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ তথ্য সাংবাদিকদের এ তথ্য জানায় পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত ১৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টায় সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সাব্বির হাসান নামে এক যুবক। গুরুতর আহত সাইফুদ্দিন বর্তমানে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় গতকাল দুপুর সোয়া ১টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকা থেকে সাব্বির হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে নোয়াপাড়ার পটিয়াপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়। এর মধ্যে একটি টিপ চাকু সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতের ঘটনায় ব্যবহৃত হয়েছিল। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হচ্ছে। গ্রেপ্তার সাব্বির হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে।
পূর্বকোণ/পিআর

















