চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পিতাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
গ্রেপ্তার ছেলে মো. রামিম (২১) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাইজপাড়া এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে।
এসআরবি জানায়, চকরিয়ার বাসিন্দা রহিম উল্ল্যাহ (৬৫) পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে নগরীর পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পাশাপাশি পতেঙ্গার বিজয়নগর এলাকায় ভ্যানগাড়িতে কাপড়চোপড় ও অন্যান্য মালামাল বিক্রি করতেন। তার ছেলে রামিনও তার কাছ থেকে মালামাল নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। কিন্তু মালামালা বিক্রির টাকা ঠিকমতো পিতাকে না দিয়ে অপ্রয়োজনীয় খরচ করতো সে। এ বিষয়ে তিনি ছেলেকে বেশ কয়েকবার সতর্ক করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে ব্যবসার টাকা নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রামিন তার পিতাকে মারধর করে। বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেন। কিন্তু রামিন তার পিতাকে প্রাণনাশের হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। ঘটনার এক ঘণ্টা পর রাত ৯টায় বিজয়নগর এলাকায় রাস্তায় রামিন আবার তার বাবার সাথে তর্কাতর্কি শুরু করে। একপর্যায়ে রামিন তার বাবার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এতে ভিকটিম রহিম উল্ল্যাহ গুরুতর আহত হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা ভিকটিমকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর আড়াইটায় কক্সবাজার সদর থানাধীন বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ছেলে রামিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে কক্সবাজার জেলার সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর


















