চট্টগ্রাম সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাউজান আদালতে বিচারকের কক্ষে রহস্যজনক আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

রাউজান আদালতে বিচারকের কক্ষে রহস্যজনক আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

রাউজান সংবাদদাতা

১৬ নভেম্বর, ২০২৬ | ৬:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান সিনিয়র সহকারী জজ আদালতের বিচারকের কক্ষে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুরুত্বপূর্ণ নথিপত্র, এসি, কম্পিউটার, প্রিন্টার, বইপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পৌনে পাঁচ লাখ টাকা বলে জানা গেছে। এ ঘটনায় নাশকতার আশঙ্কাও করছেন কেউ কেউ।

সোমবার (১৬ নভেম্বর) সকালে আদালতে এসে বিচারকের কক্ষের ভেতরে ও বাইরে আগুনে পোড়ার চিহ্ন দেখতে পান কর্মচারীরা। পরে কক্ষের ভেতরে গিয়ে বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ার বিষয়টি দেখতে পান তাঁরা। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। এ ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিচারিক কার্যক্রম।

রাউজান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, খবর পেয়ে তিনি আদালতে গিয়ে বিচারকের কক্ষের বিভিন্ন মালামাল পুড়ে যেতে দেখেন। কক্ষে তরলজাতীয় কিছু পদার্থ ছিল। তাঁর ধারণা, এটি নাশকতাও হতে পারে। কারণ, রাতে এসির সুইচ বন্ধ ছিল। তা ছাড়া কক্ষের জানালার লকও ঠিকমতো কাজ করে না।

আদালতের বিচারকের উমেদার জানান, সকাল নয়টার দিকে আদালতে এসে বিচারকের কক্ষের বাইরের অংশ কালো হয়ে থাকতে দেখেন। পরে পেশকার সেখানে আসেন। এরপর তারা কক্ষের ভেতরে গিয়ে বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ার অবস্থা দেখতে পান। তবে তারা কেউই আগুন জ্বলতে দেখেননি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আদালত ভবনটি কার্যত অরক্ষিত অবস্থায় রয়েছে। আগুনের ঘটনা নাশকতা, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে যান। এ ছাড়া বিচারক, ফায়ার সার্ভিস ও জেলা বিশেষ শাখার (ডিএসবি) সদস্যরা ঘটনাটি তদন্ত করছেন।

অগ্নিকাণ্ডের পর বিচারকের কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট