চট্টগ্রামের বোয়ালখালীতে একটি পাকা ভবনের সিঁড়ি ঘরের টিনের চালা কেটে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল।
উপজেলার শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাকপুরা লালচাঁদ বাড়ির সংগীত শিল্পী জয়া বড়ুয়ার ঘরে এ চুরির ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে নগরে থাকা জয়া বড়ুয়া বাড়িতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এর আগেও প্রায় ৬ মাস আগেও এই ঘরে একবার চুরির ঘটনা ঘটেছিল বলে জানা যায়।
জয়া বড়ুয়া জানান, তিনি দুই দিন আগেও ঘরবাড়ি দেখে গেছেন। শুক্রবার সকালে এসে দেখেন সিঁড়িঘরের ছাদের টিন কাটা। ঘরের এলইডি টেলিভিশন, হারমোনিয়াম, পানির মোটর, বৈদ্যুতিক তার, চারটি সিলিং ফ্যান, গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা ও রান্নার বিভিন্ন সামগ্রীসহ মূল্যবান সব মালামাল চুরি হয়ে গেছে। এর প্রায় ৬ মাস আগেও একবার দরজা ভেঙে ঘরের সিলিং ফ্যান ও পানির মোটরসহ বিভিন্ন মালামাল চুরি করা হয়েছিল।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/রানা



















