কক্সবাজারের সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমার থেকে চোরাচালানের প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২২ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২০ জুন শনিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড সেন্টমার্টিন স্টেশন। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটি ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করে।
পরবর্তীতে ওই বোটে তল্লাশি চালিয়ে মায়ানমার থেকে আনা মোট ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ সময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জন চোরাচালানকারিকে আটক করা হয়েছে।
জব্দকৃত জাল, চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
চোরাচালান প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















