চট্টগ্রাম সোমবার, ২২ জুন, ২০২৬

সর্বশেষ:

ছদ্মবেশে মাদক পাচারের চেষ্টা: ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

ছদ্মবেশে মাদক পাচারের চেষ্টা: ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজার প্রতিনিধি

২১ জুন, ২০২৬ | ১১:১০ অপরাহ্ণ

কক্সবাজার জেলা সদর হাসপাতালের সামনে সাধারণ মানুষের ভিড়ের সুযোগ নিয়ে ইয়াবা পাচারের সময় ১৭ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে জেলা সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে আটক করে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা সদর হাসপাতালের সামনে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ও স্বজনদের ভিড়ের মধ্যে এক দম্পতি দীর্ঘক্ষণ ধরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া সদর থানা পুলিশের একটি দল তাদের গতিবিধি কঠোর নজরদারিতে রাখে। পরে টেকনাফ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে আসা ওই দম্পতিকে থামিয়ে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে চাঞ্চল্যকরভাবে এই ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হলেন— কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন (৩০) এবং তার স্ত্রী আয়েশা (২৭)।

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক স্বামী-স্ত্রী মূলত সিএনজিযোগে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবার এই বড় চালানটি নিয়ে কক্সবাজার শহরে এসেছিল। আটকের পর তাদের থানায় নিয়ে মাদক সিন্ডিকেট ও চালানের উৎস সম্পর্কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট