চট্টগ্রাম সোমবার, ২২ জুন, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় শর্ট সার্কিটের আগুনে দুই বসতঘর ভস্মীভূত, ক্ষতি ১৫ লাখ টাকা

রাঙ্গুনিয়ায় শর্ট সার্কিটের আগুনে দুই বসতঘর ভস্মীভূত, ক্ষতি ১৫ লাখ টাকা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২২ জুন, ২০২৬ | ৮:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চৌধুরী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

 

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম দাশ ও সিএনজি অটোরিকশা চালক শ্যামল দাশের ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না। শ্যামল দাশ গাড়ি নিয়ে বের হয়েছিলেন এবং পরিবারের অন্য সদস্যরা কিস্তির টাকা দিতে বাইরে গিয়েছিলেন। শিক্ষক অসীম দাশ ও শ্যামল দাশের বেড়া ও টিনের তৈরি ঘর দুটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

 

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি রওনা দিলেও এলাকার সড়ক অত্যন্ত সরু হওয়ায় তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে এলাকাবাসীর তাৎক্ষণিক সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশেপাশের অন্যান্য ঘরগুলো বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পায়।

 

স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অত্যন্ত দরিদ্র এবং বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান এবং মানবিক সংগঠনগুলোকে এই অসহায় পরিবার দুটির পাশে দাঁড়ানোর এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট