মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রত্যাশিত দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এ একান্ত বৈঠক শুরু হয়।
দুই দেশের শীর্ষ নেতাদের এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও দুই দেশের সম্পর্ক জোরদারে শ্রমবাজারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প এবং কৃষি, শিক্ষা ও জনযোগাযোগের মতো বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এর আগে, গতকাল স্থানীয় সময় রাত ৯টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুরে পৌঁছান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এসময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আটজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। এছাড়া ব্যক্তিগত কর্মকর্তারাও রয়েছেন প্রতিনিধিদলে। সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন।
পূর্বকোণ/ইবনুর















