চট্টগ্রাম সোমবার, ২২ জুন, ২০২৬

সর্বশেষ:

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে হেলথ কার্ড চালু করেছি: ডা. শাহাদাত

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে হেলথ কার্ড চালু করেছি: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৬ | ৭:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নিয়ন্ত্রণাধীন স্কুল ও কলেজগুলোতে প্রথমবারের মতো ‘হেলথ কার্ড’ চালু করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

সোমবার (২২ জুন) নগরীর ষোলশহরস্থ হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এই ঘোষণা দেন।

 

মেয়র জানান, এই হেলথ কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়া প্রয়োজনে বেসরকারি হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা গ্রহণের ক্ষেত্রেও তারা বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একে একটি ‘যুগান্তকারী উদ্যোগ’ হিসেবে উল্লেখ করেন তিনি।

 

অনুষ্ঠানে মেয়র শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সময়ের গুরুত্ব নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, “সময় ও শৃঙ্খলা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ।” শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তিনি শিক্ষার্থীদের নিয়মিত সকালের নাস্তা খাওয়ার অভ্যাস গড়ার আহ্বান জানান, যা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধিতে সহায়ক। আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার হলে ধৈর্য ধরে প্রশ্ন পড়ার পরামর্শও দেন তিনি।

 

শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব এই শিক্ষার্থীদের মধ্য থেকেই উঠে আসবে। এছাড়া তিনি চসিকের ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে খেলার মাঠ নির্মাণ ও সংস্কারের পরিকল্পনার কথা জানান। কলেজের অবকাঠামো উন্নয়ন, ভবন নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যাগুলোও পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন মেয়র।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবক মো. শায়েস্তা উল্লাহ চৌধুরী। পরিশেষে মেয়র একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট