দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হলো সোনার দাম। টানা দুই দফা মূল্যহ্রাসের পর এবার প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
সোমবার (২২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সর্বশেষ মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে। বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে গত ২০ জুন সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৭৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বৃদ্ধি, ৩৮ বার হ্রাস এবং একবার ভ্যাট সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।
পূর্বকোণ/নুসরাত















