চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা ও ডবলমুরিং ক্লাব। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ২য় দিনের ১ম খেলায় সীতাকু- উপজেলা ক্রীড়া সংস্থা ৫ উইকেটে এম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। কে এম স্পোর্টিং ১৮.৪ ওভারে ৭৩ রানে অল-আউট হয়ে গেলে সীতাকুণ্ড ১৫.৫ ওভারে প্রয়োজনীয় ৭৪ রান তুলে জয় নিয়ে ফিরে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ সীতাকুণ্ড উপজেলার ইফরান হোসেন (৭ রানে ৩ উইকেট) এর হাতে পুরস্কার তুলে দেন সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সোহেল উদ্দিন ও কে এম স্পোর্টিং ক্লাব ক্রিকেট টিম ম্যানেজার সরওয়ার উদ্দিন চৌধুরী।
উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য শাখায়াত হোসেন পলাশ। দিনের ২য় ম্যাচে ডবলমুরিং ক্লাব ২ উইকেটে ক্রিসেন্ট ক্লাবকে হারায়। ম্যাচ সেরা নির্বাচিত হন ডবলমুরিং ক্লাবের মিজানুর রহমান (অপরাজিত ২৯ বলে ৪২ রান)। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ওয়াসিম কামাল রাজা ও ক্রিকেট সেক্রেটারি, ডবলমুরিং ক্লাব ও নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নূর জাফর রাহুল। ম্যাচে আগে ব্যাট করে ক্রিসেন্ট ক্লাব ৭ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে। জবাবে ডবলমুরিং ক্লাব শেষ বলে গিয়ে ৮ উইকেট ১৫৩ রান তুলে জয় নিশ্চিত করে।

















