চট্টগ্রাম সিটি করপোরেশন বনাম লিটল ব্রাদার্স এর মধ্যকার ম্যাচ দিয়ে নগরীতে আজ বুধবার (১৭ জুন) শুরু হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ২য় পর্বের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি পরিচালক ও ফাইনান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। অনুষ্ঠানের তিনি বলেন, দুই বছর ধরে চট্টগ্রামে কেন লিগ নাই, এটা গ্রহণযোগ্য নয়। আমাদের প্রধান লক্ষ্য, বন্ধ থাকা চট্টগ্রামসহ সারা দেশের লিগগুলো শুরু করা।
চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব কমিটির আহ্বায়ক আবুল হাসেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস এডহক কমিটি ও চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। মিডিয়া কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেট কমিটির চেয়ারম্যান আবদুল হান্নান আকবর। উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিজেকেএস কাউন্সিলার মাকসুদুর রহমান বুলবুল, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, প্রবীর কুমার ঘোষ, সাইফুল আলম খান, ফরিদ আহামেদ, বিএনপি নেতা শাহেদ বক্স, ক্রীড়া সংগঠক দিদারুল আলম চৌধুরী, আইনুল কবির জিতু, মাহরুফুল আলী আহসান রাজু, আদিল কবির, ওয়াসিম কামাল রাজা, নুর জাহেদ বাবলু, মোশারফ হোসেন লিটন, আনোয়ারুল আবেদিন মুন্না, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ আনাছ, রায়হান উদ্দীন আরাফাত, ইমজামুল হক, ক্রিকেট কমিটির সদস্য সচিব আবু সামা বিপ্লবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনী দিনের ১ম ম্যাচে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ৩৬ রানে লিটল ব্রাদার্সকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হন সিটি করপোরেশনের খোরশেদ আলম। তাকে পুরস্কৃত করেন কাজী মোজাম্মেল হক মানিক ও লিয়াকত আলী জসিম। দিনের দ্বিতীয় ম্যাচে কোয়ালিটি স্পোর্টস ক্লাব ২৯ রানে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতিকে পরাজিত করে। ম্যাচ সেরা চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতির শাহরিয়ার আলম মাহিরকে পুরস্কৃত করেন সিজেকেএস কাউন্সিলার (কোয়ালিটি স্পোর্টস ক্লাব) সৈয়দ গিয়াসউদ্দিন মাহমুদ হেলাল ও সিজেকেএস কাউন্সিলার (চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি) সুলতান মাহমুদ খান শাহিন।


















