সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা হামলার একদিন পর একই আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের পাল্টা ধাওয়ায় হামলাকারীরা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারের ধরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আফজাল হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৩টা ৫৫ মিনিটে দক্ষিণ সুরমার তেতলি এলাকায় বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে ক্ষোভ প্রকাশ করে বিএনপির সংসদ সদস্য মালিক বলেন, কোনো কারণে তার মৃত্যু হলে বা তিনি নিখোঁজ হলে এর দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিতে হবে।
এরপর শনিবার বিকেলে হামলার প্রতিবাদে কামালবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিল থেকে একদল লোক হাবিবুর রহমান হাবিবের বাড়ির দিকে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালান। এ সময় স্থানীয় কিছু বাসিন্দা মাইকে ঘোষণা দিয়ে হামলাকারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
স্থানীয়দের ধাওয়ায় হামলাকারীরা ১৫ থেকে ২০টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে এলাকাবাসী ফেলে যাওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে ১০ থেকে ১২টিতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় পুরো কামালবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আফজাল হোসেন জানান, ধাওয়া-পাল্টাধাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন। সুনির্দিষ্টভাবে কতটি মোটরসাইকেল পোড়ানো হয়েছে তা বিস্তারিত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ ছাড়া হাবিবের বাড়িতে ভাঙচুরের কিছু ছবি পুলিশের হাতে এসেছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















