চট্টগ্রামে ঋণের বিপরীতে দেওয়া চার কোটি টাকার চেক ডিজঅনারের মামলায় রিজেন্ট ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইয়াসিন আলী ও চেয়ারম্যান ইয়াকুব আলীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের চার কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের ১ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এ রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামির কেউ আদালতে উপস্থিত ছিলেন না। পরে তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত।
মামলার নথি অনুযায়ী, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির আগ্রাবাদ শাখা ২০২৩ সালের ১৭ অক্টোবর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ও ১৪০ ধারায় মামলাটি করে। এতে রিজেন্ট ফেব্রিক্স লিমিটেডের এমডি মোহাম্মদ ইয়াসিন আলী ও চেয়ারম্যান ইয়াকুব আলীকে আসামি করা হয়।
প্রতিষ্ঠানের ঋণের বিপরীতে ব্যাংককে চার কোটি টাকার একটি চেক দিয়েছিলেন আসামিরা। ২০২৩ সালের ২৯ আগস্ট চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে তা প্রত্যাখ্যাত হয়। এরপর ব্যাংকের পক্ষে আইনজীবী নুসরাত আরা হীরা একই বছরের ৩ সেপ্টেম্বর আসামিদের আইনি নোটিশ পাঠান। ৭ সেপ্টেম্বর তাঁরা নোটিশ গ্রহণ করলেও চেকের টাকা পরিশোধ করেননি। পরে ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা করে।
ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট নুসরাত আরা হীরা বলেন, মামলাটি প্রথমে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত-৬-এ দায়ের করা হয়। পরে বিচার নিষ্পত্তির জন্য তা ১ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ২০২৪ সালের ৩১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত ২ মার্চ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ২১ সেপ্টেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করেন।
পূর্বকোণ/আরআর

















