ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায়ই বলেন, ধর্ম যার যার দেশটা সবার। বিএনপি একটি অসাম্প্রদায়িক চেতনার দল। সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর সম্প্রীতির উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লোহাগাড়া উপজেলায় চরম্বা ইউনিয়নের বিবিবিলা শান্তি বিহারে কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের বরাদ্দ সমানভাবে বণ্টনের নীতি অনুসরণ করছে।
তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার-এই নীতিকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার।
বিবিবিলা শান্তি বিহারের সাধারণ সম্পাদক রাজিব কান্তি বড়ুয়ার সঞ্চালনায় ও ভদন্ত রত্নানন্দ মহাথেরের সভাপতিত্বে চীবর দানোৎসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ শাহজাহান চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ নাজিমুল হক, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী,দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন, এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, ফৌজুল কবির ফজলু, বিবিবিলা শান্তি বিহারের সভাপতি চিন্তাহরণ বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক রকি বড়ুয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ ভিক্ষু ও দায়ক, দায়িকারা।
পূর্বকোণ/রানা


















