চট্টগ্রাম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী

বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৬ | ২:০০ অপরাহ্ণ

বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
 
 
তিনি বলেন, যারা মনে করছেন বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবেন, তাঁরা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।
 
 
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
 
 
আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা করছেন, তাদের অনেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। সন্ত্রাসের পথ কারা বেছে নিয়েছে, তা মানুষও দেখছে।
 
 
সাংবাদিকদের উদ্দেশে আসাদুজ্জামান বলেন, মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে সাংবাদিকতা। কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজেদের সম্মান, মর্যাদা ও পরবর্তী প্রজন্মের স্বার্থেই এ বিষয়ে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে।
 
 
 
তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। পাশাপাশি সরকারের ভালো কাজের চিত্রও তুলে ধরতে হবে। সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক দিক থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি সমালোচনা সরকারের বা তার নিজের বিরুদ্ধে গেলেও আপত্তি নেই।
 
 
 
আইনমন্ত্রী আরও বলেন, গত প্রায় নয় মাসে বাংলাদেশে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি । পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থার প্রতিনিধির সঙ্গেও এসব বিষয়ে কথা হয়েছে। মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, তা যেমন তুলে ধরতে হবে, তেমনি সরকারের কোনো ভুল থাকলে সেটিও সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে।
 
 
 
আসাদুজ্জামান বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগোতে চায়। সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। এ পথে সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে।
 
 
 
ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মত, পথ ও আদর্শের পার্থক্য থাকলেও নিজেদের শেকড়ের টানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। নেতৃত্ব বা কর্তৃত্বের প্রশ্নে কোনো সংগঠনের কর্মসূচিতে প্রতিবন্ধকতা তৈরি করা আত্মঘাতী সিদ্ধান্ত। মতভেদ ভুলে সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
 
 
ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের আহ্বান জানান আইনমন্ত্রী। তিনি বলেন, এতে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে। স্থানীয় সাংবাদিক ও নতুন প্রজন্মও অনুপ্রাণিত হবে। তারা বুঝতে পারবেন, ঝিনাইদহের উন্নয়ন ও মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা রয়েছে।
 
 
 
তিনি বলেন, যারা মনে করছেন বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবেন, তাঁরা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট