ভারতের আসামের কাজীরাঙ্গাতে কনটেইনার ট্রাক ও মিনি বাসের ভয়াবহ সংঘর্ষে ২৩ জন নিহত ও আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
কাজীরাঙ্গার রঙ্গাজানে একটি মিনিবাস কনটেইনার ট্রাকটিতে গিয়ে ধাক্কায় খায়।
ট্রাকটিতে বাসের এত জোরে সংঘর্ষ হয়েছে যে এটি প্রায় দুমড়ে মুচড়ে যায়। এতে করে বাসের ভেতরের যাত্রীরা আটকা পড়েন। উদ্ধারকারীরা সেখানে গিয়ে আটকে পড়াদের ভেতর থেকে বের করার কাজ শুরু করেন।
স্থানীয় গোলাঘাটের জ্যৈষ্ঠ পুলিশ সুপার স্বপ্নীল দেকা বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, “আমরা প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর তথ্য পেয়েছি। আমরা সবাই স্পটে আছি। বাসের ভেতর থেকে দেহগুলো বের করা হচ্ছে। তাই মৃতের সংখ্যা বাড়তে যাচ্ছে।”
দুর্ঘটনা বাস চালকের কারণেই ঘটেছে এমনটা জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেছেন, “বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। পার্কের কাছে যে গতিসীমা ছিল, চালক সেটি ভঙ্গ করেছেন। আমরা মনে করছি বাস চালক নিয়ন্ত্রণ হারানোর পর কনটেইনার ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লাগে।”
আহতদের কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ খারাপ।
পূর্বকোণ/রাকিব



















