দেশের প্রাচীন পাইকারি বাজার নগরীর খাতুনগঞ্জ। কর্ণফুলী নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই বাণিজ্যকেন্দ্রে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়। আধুনিকতার চাকচিক্যের যুগে ইট-পাথর আর কোলাহলের মাঝে এমন একটি প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে, যা নিছক কোনো দোকান নয়, বরং নগরীর শতবর্ষী বাণিজ্যিক ঐতিহ্যের এক জীবন্ত জাদুঘর। প্রতিষ্ঠানটির নাম ‘পিতাম্বর শাহের দোকান’। নগরবাসীর মুখে মুখে একটি কথা প্রচলিত “যা নেই জগতে, তা মিলবে পিতাম্বর শাহের দোকানে।” এই একটি দোকানে সুই-সুতা থেকে শুরু করে দুষ্প্রাপ্য সব কবিরাজি পণ্য, কী নেই! এক ছাদের নিচে হাজারো পদের পণ্যের এমন সমাহার দেখতে হলে যেতে হবে শতবর্ষী এই দোকানে।
দোকানটি ঠিক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তার সুনির্দিষ্ট নথিপত্র না থাকলেও এটি শতাব্দীপ্রাচীন। স্থানীয় প্রবীণ ব্যবসায়ীদের মতে ব্রিটিশ শাসনামলে আনুমানিক ১৮৯০-এর দশকের দিকে দোকানটির যাত্রা শুরু হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন পীতাম্বর শাহ তাঁর আদি নিবাস ছিল বৃহত্তর নোয়াখালী অঞ্চলে। ব্যবসার সন্ধানে বন্দরনগরীতে এসে খাতুনগঞ্জে নিজস্ব জায়গা কিনে তিনি এই ব্যতিক্রমী দোকানটি গড়ে তোলেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পর্তুগিজ আমলে তৈরি করা একতলা মোটা দেয়াল আর কাঠের পাটাতনের ছাউনির দোকানটি আজও সগৌরবে টিকে আছে। একই ধরনের আরেকটি দোকান ঢাকার নবাবপুরেও আছে, তবে সে দোকানটি চট্টগ্রামের তুলনায় বেশ ছোট। প্রতিষ্ঠাতা পীতাম্বর শাহ বেঁচে নেই। তার স্মৃতি আর ব্যবসাকে পরম যত্নে টিকিয়ে রেখেছেন তার বংশধরেরা। বর্তমানে দোকানটি পরিচালনা করছেন পীতাম্বর শাহের তৃতীয় ও চতুর্থ প্রজন্ম। পূর্বপুরুষের ব্যবসায়িক সততা ধরে রেখে তারা প্রতিষ্ঠানটি সুনামের সাথে চালিয়ে নিচ্ছেন।
দোকানে বর্তমানে ১২ জন কর্মচারী কাজ করছেন। দীর্ঘদিন ধরে কাজ করা কর্মচারী শিমুল জানান, একসময় এখানে নানা জাতের মসলা ও কবিরাজি পণ্যই বেশি বিক্রি হতো। তবে যুগের চাহিদায় এখন এর পাশাপাশি সাধারণ মুদি দোকানের মালামালও বিক্রি হয়। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের পূজার সময় পূজার নানা সামগ্রীরও বিপুল চাহিদা থাকে এবং প্রচুর বিক্রি হয়। তবে ব্যবসা এখন আর আগের মতো নেই বলে জানালের শিমুল। পুরোনো এই দোকানটি ঘিরে মানুষের আগ্রহের কমতি নেই। তবে এই আগ্রহ অনেক সময় দৈনন্দিন কাজে বিড়ম্বনারও কারণ হয়ে দাঁড়ায়।
দোকানের বর্তমান ম্যানেজার সাধন কুমার জানান, কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার ও টিকটকারদের জ্বালায় তিনি রীতিমতো অতিষ্ঠ। প্রায় প্রতিদিনই কেউ না কেউ ভিডিও করতে আসেন, যা দোকানের স্বাভাবিক কেনাবেচা ও কাজের পরিবেশ নষ্ট করে। একসময় কবিরাজদের কাছে চিকিৎসার দুষ্প্রাপ্য উপকরণের জন্য এই দোকান ছিল সবচেয়ে নির্ভরতার জায়গা। সাধারণ মানুষও বিয়ের ফর্দ বা সংসারের খুঁটিনাটি কেনাকাটা করতে এখানে ভিড় জমাত। তবে এর আভিজাত্য বা নির্ভরতায় কোনো ঘাটতি পড়েনি। এখনও দেশের নানা প্রান্তের আয়ুর্বেদিক চিকিৎসক ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান খাঁটি কাঁচামালের খোঁজে এই দোকানেই ভিড় করেন। দোকানে পা রাখলেই আজও নাকে আসে নানা ধরনের শেকড়-বাকড় আর ভেষজ মসলার কড়া গন্ধ।
থরে থরে সাজানো বয়াম, আর টিনের বক্সে রাখা হাজারো পদের জিনিসের মধ্যে উল্লেখযোগ্য হলো অশ্বগন্ধা, হরীতকী, শিমুল মূল, শতমূলী, ত্রিফলা (আমলকী, হরীতকী, বহেরা), জটামাংসী, তালমাখনা, তোকমা, ইসবগুল, আকরকরা, যষ্টিমধু, ঘৃতকুমারীসহ নানা দুর্লভ শেকড় ও গাছের ছাল। খাঁটি কালিজিরার তেল, কাঠবাদাম তেল, তিলের তেল, ক্যাস্টর অয়েল ও নিম তেল। দামি মসলার মধ্যে এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ থেকে শুরু করে কাবাবচিনি, জয়ত্রী, জায়ফল ও শাহি জিরা। এছাড়া মুদি সামগ্রীর পাশাপাশি আগরবাতি, ধূপ, কর্পূর, চন্দন কাঠ, গোলাপজল। এছাড়া ঐতিহ্যবাহী সুই, সুতা, বোতাম, আলতা, সিঁদুর, পাহাড়ি মধু এবং সৈন্ধব লবণ (রক সল্ট) আজও এখানে পাওয়া যায়। খাতুনগঞ্জের পীতাম্বর শাহের দোকান কেবল একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি নগরীর বাণিজ্যিক ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। আধুনিকতার ভিড়ে অনেক পুরোনো ব্যবসাই যেখানে হারিয়ে গেছে, সেখানে এই দোকানটি আজও ঐতিহ্যের স্মারক হয়ে টিকে আছে।
পূর্বকোণ/ইবনুর



















