বিদেশে শুধু শ্রমিক পাঠানোর পরিবর্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষ পেশাজীবী তৈরি করতে হবে। এ জন্য সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং জাতীয় দক্ষতা সনদকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা জরুরি। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মৌলিক সমস্যা শুধু এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফলাফল নয়। এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, কর্মসংস্থান পরিকল্পনা এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নের প্রশ্ন। আমরা প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থীকে উচ্চশিক্ষার দিকে ঠেলে দিই। কিন্তু তাদের একটি বড় অংশের জন্য উপযুক্ত কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারি না। অন্যদিকে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, নির্মাণ খাত, স্বাস্থ্যসেবা, কৃষি, তথ্যপ্রযুক্তি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। এই চাহিদা ও শিক্ষাব্যবস্থার মধ্যে একটি বড় অসামঞ্জস্য তৈরি হয়েছে। আমার মতে, এই সমস্যার সমাধান করতে হলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে সরাসরি জাতীয় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ই শিক্ষার একমাত্র গন্তব্য নয়: আমাদের সমাজে সাধারণভাবে ধারণা করা হয়, একজন শিক্ষার্থীর সাফল্যের প্রধান মাপকাঠি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। ফলে কারিগরি শিক্ষা অনেক ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির বিকল্প হিসেবে বিবেচিত হয়। এই মনোভাব পরিবর্তন করতে হবে। একজন দক্ষ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, নির্মাণ প্রযুক্তিবিদ কিংবা অটোমোবাইল টেকনিশিয়ান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। উন্নত দেশে অনেক কারিগরি পেশায় কাজ করার জন্য শুধু অভিজ্ঞতা নয়, নির্দিষ্ট প্রশিক্ষণ, দক্ষতার মূল্যায়ন এবং পেশাগত সনদ প্রয়োজন হয়। বাংলাদেশেও এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে একজন শিক্ষার্থী নিজের আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা অথবা উচ্চশিক্ষা বেছে নিতে পারবেন। কোনো একটি পথ যেন অন্যটির তুলনায় সামাজিকভাবে হীন বলে বিবেচিত না হয়।
দ্বাদশ শ্রেণি শেষে শিক্ষার্থীদের জন্য একাধিক পথ: প্রথম পর্বে আমি এসএসসি ও এইচএসসির বর্তমান পাবলিক পরীক্ষার পরিবর্তে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমন্বিত স্কুলশিক্ষা চালুর প্রস্তাব দিয়েছি। এই ব্যবস্থা বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের সামনে অন্তত তিনটি প্রধান পথ উন্মুক্ত রাখা উচিত। প্রথমত, যারা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, তাঁরা প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা অর্জন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। দ্বিতীয়ত, যারা কারিগরি ও পেশাগত শিক্ষায় আগ্রহী, তাঁরা সরকারি বা অনুমোদিত বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তি হয়ে পেশাভিত্তিক দক্ষতা অর্জন করবেন। তৃতীয়ত, যারা সরাসরি কর্মজীবনে প্রবেশ করতে চান, তাঁরা স্বল্পমেয়াদি প্রশিক্ষণ, শিক্ষানবিশি অথবা কর্মক্ষেত্রে অর্জিত দক্ষতার মূল্যায়নের মাধ্যমে পেশাগত সনদ অর্জন করতে পারবেন। এই তিনটি পথের মধ্যে ভবিষ্যতে স্থানান্তরের সুযোগও থাকতে হবে। উদাহরণস্বরূপ, একজন সার্টিফায়েড ইলেকট্রিশিয়ান পরবর্তী সময়ে উচ্চতর ডিপ্লোমা কিংবা প্রকৌশল প্রযুক্তির কোনো শিক্ষাক্রমে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ কারিগরি শিক্ষা কোনো বন্ধ রাস্তা হবে না; বরং এটি হবে আজীবন শিক্ষা ও পেশাগত উন্নতির একটি স্বীকৃত পথ।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে কেন্দ্রীয় ভূমিকা দিতে হবে : এ ক্ষেত্রে একটি আশাব্যঞ্জক বিষয় হলো, বাংলাদেশে ইতিমধ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৮ সালের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইনের মাধ্যমে এই সংস্থা গঠনের ব্যবস্থা করা হয়। এর উদ্দেশ্য হলো দেশের দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয়, প্রশিক্ষণের মান উন্নয়ন, দক্ষতা মূল্যায়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী মানবসম্পদ তৈরি। এনএসডিএ ইতিমধ্যে বিভিন্ন পেশার জন্য দক্ষতার মানদন্ড, প্রশিক্ষণক্রম, মূল্যায়ন এবং সনদায়নের কাঠামো নিয়ে কাজ করছে। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক বা বিএনকিউএফের আওতায় শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার বিভিন্ন স্তরকে সমন্বিত করার উদ্যোগও রয়েছে। অর্থাৎ আমাদের সবকিছু নতুন করে শুরু করতে হবে না। প্রয়োজন বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, কার্যক্রমের সমন্বয় এবং জাতীয় পর্যায়ে একটি সুস্পষ্ট বাস্তবায়ন পরিকল্পনা।
প্রতিটি পেশার জন্য জাতীয় দক্ষতার মানদন্ড: বাংলাদেশে বিভিন্ন পেশার জন্য আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জাতীয় দক্ষতার মানদন্ড থাকা প্রয়োজন। ধরা যাক, একজন শিক্ষার্থী ইলেকট্রিশিয়ান হতে চান। তাঁকে শুধু একটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করলেই চলবে না। বৈদ্যুতিক নিরাপত্তা, ওয়্যারিং, সার্কিট, যন্ত্রপাতি ব্যবহার, ত্রুটি শনাক্তকরণ এবং বাস্তব কর্মক্ষেত্রে কাজ করার সক্ষমতা প্রদর্শন করতে হবে। একইভাবে একজন প্লাম্বারকে পানি সরবরাহ, পাইপ স্থাপন, ড্রেনেজ ব্যবস্থা এবং নিরাপত্তাসংক্রান্ত কাজের দক্ষতা অর্জন করতে হবে। ওয়েল্ডার, মেশিন অপারেটর, অটোমোবাইল টেকনিশিয়ান, নির্মাণকর্মী এবং অন্যান্য পেশার ক্ষেত্রেও নির্দিষ্ট দক্ষতার মানদন্ড প্রয়োজন। প্রশিক্ষণের শেষে শুধু লিখিত পরীক্ষা নয়; বাস্তব কাজের মাধ্যমে দক্ষতা যাচাই করতে হবে। সফল প্রশিক্ষণার্থীকে জাতীয়ভাবে স্বীকৃত পেশাগত সনদ প্রদান করা হবে। এনএসডিএর বিদ্যমান কাঠামো ব্যবহার করে এসব সনদের মান, মূল্যায়ন পদ্ধতি এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব।
আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বয় জরুরি: আমাদের জাতীয় দক্ষতার মানদন্ড এমনভাবে তৈরি করতে হবে, যাতে সেগুলো আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বিভিন্ন দেশের শ্রমবাজার পর্যালোচনা করে প্রশিক্ষণ কর্মসূচি তৈরি করা প্রয়োজন। এক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), সংশ্লিষ্ট পেশাগত মান নির্ধারণকারী সংস্থা এবং বিদেশি নিয়োগদাতাদের সঙ্গে সহযোগিতা বাড়ানো যেতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার থাকা প্রয়োজন। বাংলাদেশের জাতীয় দক্ষতা সনদ অর্জন করলেই বিদেশে কোনো নিয়ন্ত্রিত পেশায় সরাসরি কাজ করার অনুমতি পাওয়া যাবে না। অনেক দেশে নিজস্ব লাইসেন্সিং পরীক্ষা, অভিজ্ঞতা যাচাই, ভাষাগত যোগ্যতা এবং অতিরিক্ত প্রশিক্ষণের শর্ত রয়েছে। তাই আমাদের লক্ষ্য হতে হবে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সনদ তৈরি এবং বিভিন্ন দেশের সঙ্গে যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির ব্যবস্থা গড়ে তোলা। এমন উদ্যোগ বাংলাদেশের দক্ষ কর্মীদের আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সাহায্য করবে।
অদক্ষ শ্রমিক রপ্তানি থেকে দক্ষ পেশাজীবী তৈরির পথে: বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের পাঠানো অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দীর্ঘদিন ধরে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের একটি বড় দুর্বলতা হলো, অনেক কর্মী পর্যাপ্ত প্রশিক্ষণ ও স্বীকৃত পেশাগত যোগ্যতা ছাড়া বিদেশে যান। এর ফলে তাঁদের দক্ষতা অনুযায়ী ভালো কাজ পাওয়া কঠিন হতে পারে এবং অনেক ক্ষেত্রে কম বেতনের চাকরিতে সীমাবদ্ধ থাকতে হয়। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। আমাদের লক্ষ্য হওয়া উচিত বিদেশে যাওয়ার আগেই একজন কর্মীকে নির্দিষ্ট পেশায় প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত করে তোলা। একজন দক্ষ ইলেকট্রিশিয়ান, সার্টিফায়েড ওয়েল্ডার, শিল্পকারখানার মেশিন অপারেটর কিংবা প্রশিক্ষিত নির্মাণকর্মী আন্তর্জাতিক শ্রমবাজারে তুলনামূলকভাবে ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রাখেন। প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা, নিরাপত্তা প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট দেশের পেশাগত মান সম্পর্কে ধারণাও প্রশিক্ষণের অংশ হতে হবে। একজন অদক্ষ শ্রমিককে দক্ষ পেশাজীবীতে রূপান্তর করা গেলে শুধু ব্যক্তির আয় বাড়ার সম্ভাবনাই তৈরি হবে না; দেশের সামগ্রিক উৎপাদনশীলতা ও রেমিট্যান্স প্রবাহও উপকৃত হতে পারে।
শিক্ষানবিশি ও বাস্তব প্রশিক্ষণ বাধ্যতামূলক করা প্রয়োজন : কারিগরি শিক্ষার বড় সমস্যা হলো, অনেক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে তাত্ত্বিক শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের যথেষ্ট সংযোগ নেই। এই পরিস্থিতির পরিবর্তন করতে হবে। প্রতিটি অনুমোদিত কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির একটি অংশ বাস্তব কর্মক্ষেত্রে সম্পন্ন করার সুযোগ রাখা উচিত। নির্মাণ কোম্পানি, হাসপাতাল, শিল্পকারখানা, বিদ্যুৎ প্রতিষ্ঠান, কৃষি খামার এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে প্রশিক্ষণকেন্দ্রগুলোর আনুষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তুলতে হবে। প্রশিক্ষণার্থীরা অভিজ্ঞ পেশাজীবীদের তত্ত্বাবধানে কাজ শিখবেন। প্রয়োজনে শিক্ষানবিশদের জন্য নির্দিষ্ট ভাতার ব্যবস্থাও করা যেতে পারে। এতে প্রশিক্ষণ শেষ করার পর কর্মসংস্থানে প্রবেশ সহজ হবে।
অভিজ্ঞ কর্মীদেরও সনদ দেওয়ার সুযোগ : বাংলাদেশে এমন অসংখ্য দক্ষ কর্মী রয়েছেন, যাঁরা কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেননি। তাঁরা বছরের পর বছর বাস্তব কাজের মাধ্যমে দক্ষতা অর্জন করেছেন। এদের অনেকেই অত্যন্ত দক্ষ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার কিংবা নির্মাণকর্মী। অথচ আনুষ্ঠানিক সনদ না থাকায় তাঁদের পেশাগত যোগ্যতা অনেক ক্ষেত্রে স্বীকৃতি পায় না। এজন্য পূর্বে অর্জিত দক্ষতার স্বীকৃতি বা Recognition of Prior Learning (RPL) কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। এই ব্যবস্থায় অভিজ্ঞ কর্মীরা নির্ধারিত মূল্যায়নের মাধ্যমে তাঁদের দক্ষতা প্রমাণ করে জাতীয় সনদ অর্জন করতে পারবেন। এনএসডিএর বিদ্যমান সনদায়ন ব্যবস্থায় এই ধারণার ভিত্তি রয়েছে। এখন প্রয়োজন এর কার্যক্রম আরও সহজলভ্য ও কার্যকর করা।
প্রতিবন্ধী তরুণদের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ: একটি আধুনিক দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে প্রতিবন্ধী তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য। সম্প্রতি ঢাকায় আয়োজিত দক্ষতা ও কর্মসংস্থানবিষয়ক এক গোলটেবিল আলোচনায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জনের সম্ভাবনার কথা তুলে ধরেছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপযোগী প্রশিক্ষণকেন্দ্র, সহায়ক প্রযুক্তি, ডিজিটাল শিক্ষাসামগ্রী এবং কর্মক্ষেত্রের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। নারী, গ্রামীণ তরুণ, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া ব্যক্তিদের জন্যও প্রশিক্ষণের সুযোগ বাড়ানো প্রয়োজন। দক্ষতা উন্নয়নের অধিকার যেন শুধু শহরের সচ্ছল পরিবারের সন্তানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে।
জেলাপর্যায়ে দক্ষতা উন্নয়নকেন্দ্র গড়ে তোলা : জাতীয় দক্ষতা উন্নয়ন কার্যক্রম শুধু ঢাকা কিংবা বড় শহরকেন্দ্রিক হলে চলবে না। প্রতিটি জেলায় প্রয়োজন অনুযায়ী মানসম্মত কারিগরি প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে হবে। নতুন প্রতিষ্ঠান নির্মাণের পাশাপাশি বিদ্যমান কারিগরি স্কুল, কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রশিক্ষণকেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানো যেতে পারে। প্রতিটি জেলার শিল্প ও অর্থনৈতিক চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কর্মসূচি নির্ধারণ করা উচিত। উদাহরণস্বরূপ, শিল্পাঞ্চলে ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল ও মেশিন অপারেশন; কৃষিপ্রধান এলাকায় কৃষিযন্ত্র, খাদ্য প্রক্রিয়াকরণ ও সেচ প্রযুক্তি; উপকূলীয় এলাকায় মেরিন প্রযুক্তি এবং পর্যটনপ্রধান এলাকায় হসপিটালিটি ও সেবা খাতের প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। প্রশিক্ষণ শেষ করার পর কতজন কর্মসংস্থান পেয়েছেন, তাঁদের আয় কতটা বেড়েছে এবং নিয়োগদাতারা তাঁদের দক্ষতায় কতটা সন্তুষ্ট-এসব সূচক দিয়ে প্রতিষ্ঠানের কার্যকারিতা মূল্যায়ন করতে হবে। শুধু কতজনকে প্রশিক্ষণ দেওয়া হলো, সেই সংখ্যা দিয়ে সাফল্য নির্ধারণ করা যথেষ্ট নয়।
একটি জাতীয় বাস্তবায়ন পরিকল্পনা: এই সংস্কার বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রথম পর্যায়ে একটি জাতীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সংস্কার কমিশন গঠন করা যেতে পারে। এই কমিশন বর্তমান শিক্ষাকাঠামো, আন্তর্জাতিক অভিজ্ঞতা, দেশের শ্রমবাজার এবং কারিগরি প্রশিক্ষণের সক্ষমতা মূল্যায়ন করে একটি দীর্ঘমেয়াদি রূপরেখা তৈরি করবে। পরবর্তী পর্যায়ে নির্বাচিত জেলায় দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমন্বিত স্কুলশিক্ষা এবং পেশাভিত্তিক সনদ কার্যক্রম পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা যেতে পারে। এরপর অর্জিত অভিজ্ঞতা অনুযায়ী ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করতে হবে। এই প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন, প্রশিক্ষিত শিক্ষক, আধুনিক যন্ত্রপাতি, শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা এবং নিরপেক্ষ মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা অপরিহার্য।
শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি নয়, মানুষের সম্ভাবনার বিকাশ : আমাদের মনে রাখতে হবে, শিক্ষার উদ্দেশ্য শুধু শ্রমবাজারের জন্য কর্মী তৈরি করা নয়। শিক্ষা মানুষকে চিন্তা করতে শেখায়, যুক্তি ও বিজ্ঞানমনস্কতা তৈরি করে, সামাজিক মূল্যবোধ গড়ে তোলে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে বিকশিত হতে সাহায্য করে। কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে গিয়ে সাধারণ শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস কিংবা মানবিক মূল্যবোধের গুরুত্ব কমানো যাবে না। বরং একটি আধুনিক শিক্ষাব্যবস্থায় সাধারণ জ্ঞান ও পেশাগত দক্ষতা পরস্পরের পরিপূরক হবে। একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের যেমন প্রযুক্তিগত জ্ঞান প্রয়োজন, তেমনি প্রয়োজন ভাষাগত দক্ষতা, গণিতের ভিত্তি, নিরাপত্তাবোধ এবং পেশাগত নৈতিকতা। একজন বিশ্ববিদ্যালয় স্নাতকের ক্ষেত্রেও বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা সমানভাবে গুরুত্বপূর্ণ।
শেষকথা: ব্যর্থতার সনদ নয়, সম্ভাবনার স্বীকৃতি- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থীর পাস করতে না পারার ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন তুলে ধরেছে। আমরা কি প্রতিবছর লাখ লাখ তরুণকে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সফল ও ব্যর্থ হিসেবে ভাগ করতে থাকব? নাকি এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলব, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিজের যোগ্যতা, আগ্রহ এবং সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন? আমার প্রস্তাব অত্যন্ত সরল। এসএসসি ও এইচএসসির বর্তমান পাবলিক পরীক্ষানির্ভর কাঠামো পর্যায়ক্রমে পরিবর্তন করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আধুনিক স্কুলশিক্ষা চালু করতে হবে। এর সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জাতীয় শিক্ষাব্যবস্থার সমমর্যাদাপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে শক্তিশালী করে আন্তর্জাতিক মানের পেশাগত প্রশিক্ষণ, দক্ষতার মূল্যায়ন এবং সনদায়ন ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি বাংলাদেশ, যেখানে একজন তরুণ বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারলেও নিজেকে ব্যর্থ মনে করবেন না; বরং নিজের দক্ষতা দিয়ে দেশে কিংবা বিদেশে সম্মানজনক জীবিকা অর্জনের সুযোগ পাবেন। একটি দেশের প্রকৃত সম্পদ শুধু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী জনগোষ্ঠী নয়; তার প্রকৃত সম্পদ হলো শিক্ষিত, দক্ষ, উৎপাদনশীল ও আত্মমর্যাদাসম্পন্ন মানুষ। বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে হলে এখনই পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক মানবসম্পদ উন্নয়নের দিকে এগোতে হবে।
ডা. মোহাম্মদ মহিউদ্দিন রেডিয়েশন অনকোলজিস্ট, সেইন্টজন রেজিওনাল হসপিটাল, নিউব্রান্সউইক; এসিস্টেন্ট প্রফেসর, ডালহাউসী ইউনিভার্সিটি, কানাডা।
পূর্বকোণ/মিফতা



















