চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বাইসাইকেল চুরির অভিযোগে মোবারক ইসলাম (২২) নামে এক যুবককে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পতেঙ্গার চরপাড়ার একটি মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মোবারক আবদুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির ছেলে। তারা পতেঙ্গা থানার চরপাড়া এলাকার বাসিন্দা। বাবার চায়ের দোকানের কাজে সহযোগিতা করতো মোবারক।
এই ঘটনায় মোহাম্মদ মুসা (৬৫) নামে স্থানীয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় এভারগ্রিন কটন কারখানা নামের একটি প্রতিষ্ঠানের কেয়ারটেকার পদে চাকরি করেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, কয়েকদিন আগে মুসার ছেলেদের একটি বাইসাইকেল চুরি হয়। সেই সাইকেল চুরির সন্দেহে মোবারককে ডেকে নিয়ে কারখানা সংলগ্ন মাঠে মারধর করে মুসা ও তার ছেলেরা। পরে মোবারককে সেখানে নির্মাণ সামগ্রী রাখার একটি স্টোরে নিয়ে আটকে আবার মারধর করা হয়। পরে এক পর্যায়ে মোবারক অচেতন হয়ে গেলে তারা চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর তাকে আবার মাঠে এনে ফেলে পালিয়ে যাচ্ছিল মুসা ও তার সঙ্গে থাকা লোকজন। তখন স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মুসাকে আটকে আমাদের খবর দেয়। আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি।
তিনি আরও বলেন, এই ঘটনায় নিহত মোবারকের বাবা মুসাসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর পালিয়ে যাওয়া মুসার দুই ছেলেসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পূর্বকোণ/পিআর



















