চট্টগ্রাম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৬ | ২:০২ অপরাহ্ণ

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
 
 
শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করলেও টানা দ্বিতীয় সপ্তাহের মতো দরপতনের পথে রয়েছে জ্বালানি তেল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
 
প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় শুক্রবার রাত ২টা ৪২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম ব্যারেলপ্রতি ১ সেন্ট কমে ৯৫ দশমিক ৪১ ডলারে দাঁড়ায়।
 
 
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২০ সেন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৮ দশমিক ৫২ ডলারে নেমে আসে।
 
 
শুক্রবারের এই দরপতনের মধ্য দিয়ে টানা দুই দিনের মূল্যবৃদ্ধির ধারায় ছেদ পড়ে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ নবম মাসে প্রবেশ করায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে।
 
 
যুদ্ধ অবসানে সমঝোতার সম্ভাবনা নিয়ে আগে যে আশাবাদ তৈরি হয়েছিল, তার পাশাপাশি ইরানপন্থী ইয়েমেনের হুথি গোষ্ঠীর সৌদি আরবের বিভিন্ন অবকাঠামোতে হামলা এবং উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেল পরিবহনকারী ট্যাংকারে আক্রমণের ঘটনায় সপ্তাহজুড়ে তেলের বাজারে ওঠানামা দেখা যায়।
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন