কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী মহাসড়কে মাদকবিরোধী তল্লাশির নামে পরিচালিত পুলিশের চেকপোস্টে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। মাদক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে চেকপোস্ট বসানোর কথা বলা হলেও বাস্তবে নিয়মিত তল্লাশিতে পাওয়া বিপুল পরিমাণ ইয়াবা জব্দ তালিকায় না দেখিয়ে তা আত্মসাৎ ও পুনরায় বিক্রি করার অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে।
কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী প্রতিটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রামের প্রবেশমুখ থেকে শহর পার হওয়া পর্যন্ত মাত্র কয়েক কিলোমিটার ব্যবধানে তিন থানার চেকপোস্টে দীর্ঘ তল্লাশির মুখোমুখি হতে হয়। প্রথমে কর্ণফুলী থানা পুলিশ শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে বাস থামিয়ে তল্লাশি চালায়। সেতু পার হওয়া মাত্রই বাকলিয়া থানা পুলিশ একই বাস আবার থামিয়ে তল্লাশি শুরু করে। এরপর বাসটি পুরো শহর অতিক্রম করে নগরীর প্রবেশদ্বার সিটি গেট এলাকায় পৌঁছালে তৃতীয় দফায় থামিয়ে তল্লাশি চালায় আকবরশাহ থানা পুলিশ। এতে প্রতিটি চেকপোস্টে যাত্রীদের গড়ে ৪০ মিনিট থেকে কোনো কোনো সময় এক ঘণ্টা পর্যন্ত বাসে আটকে থাকতে হয়।
২০২০ সাল থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত সিএমপির তৎকালীন কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সময়ে নিয়ম ছিল, গাড়িতে মাদক কিংবা অবৈধ কোনো মালামাল থাকার সুনির্দিষ্ট তথ্য থাকলেই কেবল তল্লাশি চালানো যাবে। তিনি যতদিন দায়িত্বরত ছিলেন, ততদিন অপ্রয়োজনীয় এই তল্লাশি বন্ধ ছিল। কিন্তু তিনি বদলি হওয়ার পর থেকেই ফের তিন থানার পুলিশ মহাসড়কে তল্লাশি শুরু করে।
নিয়ম অনুযায়ী পুলিশি তল্লাশির সময় কোনো বহিরাগত ব্যক্তি সঙ্গে রাখার সুযোগ নেই। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মোহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান,
চেকপোস্টে তল্লাশির সময় কোনো সিভিল লোক না রাখার বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসিদের স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে এবং কোনোভাবেই তাদের দিয়ে তল্লাশি করানো যাবে না। চেকপোস্টে জব্দ করা ইয়াবা পুলিশের আত্মসাৎ করা প্রসঙ্গে সিএমপির এ কর্মকর্তা জানান, সব পেশাতেই দুই-তিন শতাংশ খারাপ মানুষ থাকতে পারে এবং ইয়াবা আত্মসাতের অভিযোগগুলোর তদন্ত করে ব্যবস্থাও নেওয়া হয়েছে।
তবে মাঠপর্যায়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। তল্লাশি চালাতে পুলিশ রীতিমতো সিভিল পোশাকে লোক নিয়োগ দিয়েছে। সবচেয়ে বেশি বহিরাগত রয়েছে আকবরশাহ থানার সিটি গেট চেকপোস্টে, যেখানে তিনজন নারী ও আটজন পুরুষসহ নয়জন বহিরাগত চেকার নিয়মিত যাত্রীবাহী বাসে উঠে যাত্রীদের ব্যাগ তল্লাশি করছে। এমনকি নুরু নামের এক ব্যক্তির বিরুদ্ধে চেকপোস্টে আটক করা ইয়াবা বাইরে বিক্রি করারও অভিযোগ রয়েছে।
এর আগে চেকপোস্টে মাদক জব্দ না দেখিয়ে মাদক পাচারকারীদের ছেড়ে দেওয়ার একাধিক ঘটনা পুলিশের অভ্যন্তরীণ তদন্তে প্রমাণিত হয়েছে। যেমন, ২০২৫ সালের ৮ ডিসেম্বর রাতে বাকলিয়া থানার নতুন ব্রিজ চেকপোস্টে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি এসি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-১৬৪২) তল্লাশি চালানো হয়। বাসে থাকা কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল ইমতিয়াজ হোসেনের ট্রলি ব্যাগ থেকে ৮০ হাজার থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। তবে মাদক জব্দের বিষয়টি গোপন করে ইয়াবাগুলো রেখে দেওয়া হয় এবং রাত সাড়ে তিনটায় ইমতিয়াজকে কেবল জামাকাপড়সহ ব্যাগ ফেরত দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় পুলিশের ওই সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিভ্রান্তিকর তথ্য দেন। পরবর্তীতে ইমতিয়াজের স্বীকারোক্তি ও বাসের সুপারভাইজারের বক্তব্যে ঘটনাটি প্রমাণিত হওয়ায় চলতি বছরের ৫ জানুয়ারি সিএমপি কমিশনার হাসিব আজিজ বাকলিয়া থানার পুলিশের আট সদস্যকে সাময়িক বরখাস্ত করেন। বরখাস্ত হওয়া সদস্যরা হলেন – এসআই মোহাম্মদ আল-আমিন সরকার ও মোহাম্মদ আমির হোসেন, এএসআই সাইফুল আলম, জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন ও এনামুল হক এবং কনস্টেবল রাশেদুল হাসান ভূঞা ও উম্মে হাবিবা স্বপ্না। ২০২৫ সালের ৪ জুন আকবরশাহ থানার সিটি গেট চেকপোস্টে সোহাগ পরিবহনের একটি বাস থেকে এক যাত্রীর ব্যাগ জব্দ করে পুলিশ। প্রথমে অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বক্তব্যে ব্যাগটি পুলিশের হেফাজতে নেওয়ার প্রমাণ মেলে। অভিযোগ ওঠে, ব্যাগে থাকা প্রায় এক লাখ পিস ইয়াবা আত্মসাৎ করে জব্দ তালিকায় মাত্র ৪০০ পিস দেখানো হয়েছিল। সিএমপির অতিরিক্ত কমিশনার মো. ওয়াহিদুল হক চৌধুরীর নেতৃত্বাধীন তদন্তে এসআই মো. সাজ্জাদ, এএসআই মেজবাহ উদ্দিন ও আরিফুর রহমান, নায়েক প্রণয় জ্যোতি চাকমা এবং কনস্টেবল মেহরাব হোসেন হৃদয়, ফেরদৌস ইমন ও মাহমুদুল হাসানসহ সাতজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়।
২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিংয়ে বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারের পর এসআই মো. মোবারক হোসেন ও তার সহযোগীরা মাদক পাচারকারীর কাছ থেকে অর্থ নিয়ে ইয়াবা আত্মসাৎ করেন। তদন্তে সত্যতা মিলে মার্চ মাসে। এ ঘটনায় এসআই মোবারক, এএসআই শওকত ও এএসআই কামরুলকে ক্লোজড করা হয়।
২০১৮ সালের ৩ মে কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক চেকপোস্টে ‘রিল্যাক্স পরিবহন’-এর বাসে তল্লাশি চালিয়ে ২,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসআই বোরহান উদ্দিন ও কনস্টেবল মো. খোরশেদ আলম জব্দ তালিকায় ৫০০ পিস দেখিয়ে বাকি ১,৭০০ পিস ইয়াবা আত্মসাতের চেষ্টা করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের কাছ থেকে গোপন করা ইয়াবা উদ্ধার করেন এবং নিয়মিত মাদক মামলা দায়ের করেন।
পূর্বকোণ/মিফতা



















