চট্টগ্রাম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম রেঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩১ জনসহ একদিনে গ্রেপ্তার ১২১০

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৬ | ৭:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩১ জনসহ গত ২৪ ঘণ্টায় ১২১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গত ২৪ ঘণ্টার অভিযানের তথ্য চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩১ জন সদস্যদের মধ্যে ৫০ জনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ২১, চাঁদপুরে ১২, লক্ষ্মীপুরে ১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১০, নোয়াখালী ৮, কক্সবাজারে ৫ ও ফেনীতে ৫, রাঙামাটিতে ৫, খাগড়াছড়িতে ৩ এবং বান্দরবানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

চট্টগ্রাম রেঞ্জ তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, আগের মামলায় ১৬৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৬০ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সাতজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৫৬ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৪৯ জন এবং সাজা পরোয়ানামূলে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসংক্রান্ত অপরাধে ১৩০ জন মাদকসেবী ও ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৪৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ২৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ঘটনায় ২৮টি মাদক মামলা করা হয়েছে।এদিকে অভিযানে ১৪ হাজার ২৪৭টি ইয়াবা, ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ পুরিয়া গাঁজা, ১০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৯ লিটার চোলাই মদ এবং ১৫ কেজি ১৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৩৭ জনের মধ্যে ৩৩৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৯৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে কুমিল্লায় ১৭৫ জন, চট্টগ্রামে ৯৪, লক্ষ্মীপুরে ৭১, ফেনীতে ৩৮, নোয়াখালীতে ৩৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৩১, কক্সবাজারে ২৭, চাঁদপুরে ২২, বান্দরবানে ২১, রাঙামাটিতে ১২ এবং খাগড়াছড়িতে ১১ জনকে আটক করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট