চট্টগ্রাম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রসগোল্লায় কামড় দিতেই মুখের ভিতর বিস্ফোরণ, ভারতে যুবকের মৃত্যু

রসগোল্লা বলে খাওয়ানো হল হাতে তৈরি বোমা

রসগোল্লায় কামড় দিতেই মুখের ভিতর বিস্ফোরণ, ভারতে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৬ | ৪:৪৭ অপরাহ্ণ

ভারতের মধ্যপ্রদেশের দিন্দোরি জেলায় রসগোল্লা বলে হাতে তৈরি বোমা খাওয়ানোর পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মুখের ভেতর দিয়ে কামড় দেওয়া মাত্রই বোমাটি বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
গত ১০ নভেম্বর (মঙ্গলবার) গভীর রাতে কোতোয়ালি থানা এলাকার পাদারিয়া গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
 
নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারোতিয়া। ঘটনার সময় তিনি নিজের বাড়িতে বসে ছিলেন। এমন সময় অভিযুক্ত রাম ভগত বারোতিয়া সেখানে আসেন। দুজনের মধ্যে কথাবার্তার একপর্যায়ে রাম ভগত তাকে রসগোল্লা বলে একটি হাতে তৈরি বোমা দেন। রাজেন্দ্র সেটি মুখে দিয়ে কামড় দিলেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে।
 
রাজেন্দ্রের স্ত্রী সুশীলা বাই বলেন, “এটি মূলত বন্য প্রাণী মারার জন্য তৈরি বোমা ছিল। বিস্ফোরণের শব্দ শুনে আমরা প্রতিবেশীদের সাহায্য চাই এবং একটি অটোরিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যাই।”
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্গা প্রসাদ নাগপুরে জানিয়েছেন, অভিযুক্ত রাম ভগতসহ আরও একজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, অন্ধকার থাকায় রাজেন্দ্র বুঝতে পারেননি যে তার হাতে রসগোল্লা নাকি বোমা দেওয়া হচ্ছে। কামড় দেওয়ার সাথে সাথেই সেটি ফেটে যায়।
 
জিজ্ঞাসাবাদে রাম ভগত পুলিশকে জানিয়েছেন, একটি ছেলে তাকে ওই বোমাটি দিয়েছিল। পুলিশ সেই ছেলেটিকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্তের সাথে নিহতের প্রতিবেশীদের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, তা-সহ সব দিক বিবেচনায় নিয়ে পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট