অদ্ভুত এক বেদনাহত অনুভূতির মুখোমুখি হতে যাচ্ছেন আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা। গত ২১ বছরের মধ্যে এই প্রথম লিওনেল মেসিকে ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন তারা। অতীতেও তারা মেসিকে ছাড়া খেলেছেন। তবে সেসব ম্যাচে তিনি চোট বা নিষেধাজ্ঞার কারণে ছিলেন না। কিন্তু এবারের অনুপস্থিতিটা সাময়িক নয়, পাকাপাকিভাবে জাতীয় দলের জার্সিটা খুলে রেখেছেন ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। তিনি বিদায় নেওয়ার পর প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় বুয়েন্স আয়ার্সের বোমবোনেরা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
মেসির না থাকাটা সবচেয়ে বেশি পোড়াচ্ছে তাঁর জাতীয় দলের সতীর্থদের। আলেক্সিস ম্যাক-এলিস্টারের তো এটি বিশ্বাসই হচ্ছে না। লিভারপুলের এই মিডফিল্ডার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন, ‘ব্যাপারটা অদ্ভুত লাগবে। আসলে আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারছি না যে লিও আর আমাদের সঙ্গে থাকবে না। আমাদের মনের একটা অংশ এখনও চায়, সে আমাদের সঙ্গে থাকুক। তবে আমরা পরিস্থিতিটা বুঝি। আমরা এটাও বুঝি যে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। সেটা আমাদের ভালোভাবে মোকাবিলা করতে হবে।’
মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটা কার গায়ে উঠবে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ম্যাচ থেকে আরও একটি কাজ শুরু করতে হবে কোচ স্কালোনিকে। ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপের দল গঠনের কাজটা আজ থেকেই শুরু করে দেবেন কোচ। এই ক্ষেত্রে কোচের সামনে আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেসির শূন্যস্থান পূরণ। তাঁর হাতে দুটি বিকল্প রয়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন নিকো পাজ; জিয়ানলুকা পেস্ত্রিয়ানিও বেশ সম্ভাবনাময়। গত বিশ্বকাপের ফাইনালের পর আর্জেন্টিনা তিনটি প্রীতিম্যাচ খেলেছে। সেগুলো হলো বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচটি। এই তিন ম্যাচে ১৪ গোল দিয়েছেন তারা, একটি গোলও হজম করেনি। তার পরও মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণভাগ কেমন করে, সেদিকেই সবার নজর।
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন লিওনেল স্কালোনি। এর মধ্যে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ফলে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে একসঙ্গে দুটি বড় শূন্যতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছিল। তবে অন্তত একটি দুশ্চিন্তা দূর হলো আর্জেন্টিনার। মেসিকে আর ফেরানো সম্ভব না হলেও স্কালোনিকে ধরে রাখতে পেরেছে দেশটির ফুটবল ফেডারেশন। নতুন চুক্তিতে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকছেন বিশ্বকাপজয়ী এই কোচ।
পূর্বকোণ/মিফতা



















