কক্সবাজারের উখিয়ায় মাদক ও চোরাচালানের নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
অভিযানে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি ওয়ান শুটারগান, একটি লোহার তৈরি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার মিজানুর রহমান ওরফে মিজান (৩৭), সাখাওয়াত হোসেন ওরফে মুন্না (২৭), আরফাত হোসাইন ওরফে জিসান (২২) এবং আবু তাহের (৩৫)।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিয়ানমার সীমান্তকেন্দ্রিক মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজের সঙ্গে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন জয় ও তার অনুসারীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া বটতলী বাজার স্টেশন এলাকায় উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হন। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে প্রায় আধা ঘণ্টা ধরে প্রকাশ্যে গোলাগুলি ও অস্ত্রের মহড়া চলে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উভয় পক্ষই গুলি ছুড়েছে। এর মধ্যে জয়নাল আবেদীন জয়ের পক্ষের মুন্নাসহ কয়েকজনকে প্রকাশ্যে ওয়ান শুটারগান ও দেশীয় বন্দুক হাতে গুলি ছুড়তে ও মহড়া দিতে দেখা যায়। মুন্নার প্রকাশ্যে গুলিবর্ষণের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানায়, ঘটনার পর উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদারের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি)-এর সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। রাত সাড়ে ১২টায় আঞ্জুমানপাড়ায় জাকের হোসেনের মাছের ঘেরের পূর্ব পাড় থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই চারজনকে আটক করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ২টায় আঞ্জুমানপাড়া পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচে তল্লাশি চালানো হয়। সেখানে তাদের দেখিয়ে দেওয়া একটি সাদা বাজারের বস্তার ভেতর থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ঘটনার ছবি ও ভিডিও চিত্র বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই চারজনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পালংখালী বাজারের একটি অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গোলাগুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল আবেদীন জয়। তিনি দাবি করেন, “প্রকৃত ঘটনা আড়াল করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। ওই ঘটনার সঙ্গে আমি বিন্দুমাত্র জড়িত নই। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে মাদক সম্রাট আবুল ফয়েজ সীমান্তের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও চোরাচালান গ্রুপের সাথে আমাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
তিনি উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ফরেনসিক পরীক্ষা করে প্রকৃত মালিকদের শনাক্তের দাবি জানান।
স্থানীয়রা জানায়, ঘটনার পর থেকে যুবদল নেতা আবুল ফয়েজ আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
পূর্বকোণ/রানা



















