কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২৬ জুন) সকালে উজানটিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়া গ্রামের বিছাখালী বাহিরের ঘোনা থেকে তাঁদের আটক করে।
আটকরা হলেন, মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিল এলাকার মৃত উলা মিয়ার ছেলে নেজাম উদ্দিন (৩৭) ও নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
পুলিশ তাঁদের কাছ থেকে দেশীয় ২টি বন্দুক, ২টি গুলি, ১৫টি শর্টগানের খালি কার্তুজ উদ্ধার করেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভোর বেলায় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক করিয়ারদিয়া এলাকায় একটি মাছের ঘের দখল করতে যায়। এ সময় স্থানীয়রা তাঁদের ধাওয়া করেন। পরে অস্ত্র-গুলিসহ ২ জনকে আটক করেন স্থানীয়রা। তাদের সাথে থাকা একটি নৌকাও জব্দ করা হয়।
পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মাছের ঘের দখল করতে গিয়ে স্থানীয় লোকজন ২ জনকে অস্ত্রসহ আটক করে পুলিশকে দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















