চট্টগ্রাম শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সর্বশেষ:

মেসিকে ছড়াই জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

মেসিকে ছড়াই জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

২৬ জুন, ২০২৬ | ৫:৪১ অপরাহ্ণ

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় রদবদল আনতে পারে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ৩২-এর আগে কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার পথে হাঁটতে পারেন কোচ লিওনেল স্কালোনি। সেই তালিকায় থাকতে পারে অধিনায়ক লিওনেল মেসির নামও।

 

প্রথম দুই ম্যাচ জিতেই শেষ ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দুই ম্যাচে দলের পাঁচ গোলের সবকটিই করেছেন মেসি। তাই জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রাম দিয়ে নকআউটের জন্য সতেজ রাখার সম্ভাবনা তৈরি হয়েছে।
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের আর্লিংটনে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ২৮ জুন সকাল ৮টায়। একই সময়ে কানসাস সিটিতে মুখোমুখি হবে অস্ট্রিয়া ও আলজেরিয়া। সেই ম্যাচে নির্ধারিত হবে গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় স্থান। আর্জেন্টিনা অবশ্য তার আগেই নিজেদের কাজ সেরে রেখেছে।

শেষ ৩২-এ আর্জেন্টিনার ম্যাচ হবে ৩ জুলাই মায়ামিতে। বাংলাদেশ সময় ম্যাচটি হবে ৪ জুলাই ভোর ৪টায়। প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় দল। সেই ম্যাচের আগে জর্ডান ম্যাচকে স্কোয়াডের অন্য খেলোয়াড়দের সুযোগ দেওয়ার মঞ্চ হিসেবে দেখতে পারেন স্কালোনি।

 

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেছেন, বেশির ভাগ খেলোয়াড়কে সুযোগ দেওয়ার ভাবনা আছে। তার মতে, স্কোয়াডের অন্যরাও খেলার সুযোগ প্রাপ্য। ম্যাচের পরিস্থিতি অনুমতি দিলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন তিনি।

 

মেসি বিশ্রাম পেলে তার জায়গায় নিকো পাজকে দেখা যেতে পারে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ৩৯ বছরে পা দেওয়া মেসি সম্প্রতি পেশির চোট কাটিয়ে ফিরেছেন। তাই শেষ ৩২-এর আগে তাকে নিয়ে সতর্ক থাকা আর্জেন্টিনার জন্য স্বাভাবিক সিদ্ধান্ত হতে পারে।

 

শুধু মেসি নন, আরও কয়েকজন খেলোয়াড়ের ক্ষেত্রেও মিনিট ব্যবস্থাপনা করতে পারে আর্জেন্টিনা। চোট থেকে ফেরা হুলিয়ান আলভারেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস জর্ডানের বিপক্ষে বেশি সময় পেতে পারেন। এতে একদিকে তাদের ম্যাচের ছন্দে ফেরানো যাবে, অন্যদিকে নিয়মিতদের ওপর চাপও কমবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট