চট্টগ্রামের সাতকানিয়ায় সোনাকানিয়া ইউনিয়নে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মুন্সী মাঝির পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হলেন ঐএলাকার সৌদি প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস নয়ন (২২)। তাদের এক বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন জানান, নিহতের স্বামী সৌদি আরবে কর্মরত। শুক্রবার সকালে নয়ন ও তাঁর শাশুড়ি একসাথে নাস্তা করেন। পরে সকাল ১০টার দিকে শাশুড়ি বাড়ির পাশের জমি থেকে ফসল তুলতে যান। কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে জানান, তাঁর নাতি অনেক কান্নাকাটি করছে। এরপর তিনি বাড়িতে ফিরে ঘরে প্রবেশ করে দেখেন, পুত্রবধূ সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।
তিনি আরও জানান (ইউপি সদস্য), কী কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আত্মহত্যার খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/রাকিব/পারভেজ















