চট্টগ্রাম শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক

২৬ জুন, ২০২৬ | ১১:০৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

 

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) এ বৈঠক হয়।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন আগেই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের চীন সফরের শেষ দিনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এ সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও সুসংহত করতে ইতিবাচক ফলাফল অর্জনের প্রত্যাশা রয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ- সব ক্ষেত্রেই দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সরকার আশাবাদী।

 

চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে ২৮ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।

 

গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে যান তিনি। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২২ জুন বিকেলে বেইজিং পৌঁছান।

 

সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন। সফর শেষে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট