চট্টগ্রাম শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সর্বশেষ:

সেমিফাইনালেই মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা!

সেমিফাইনালেই মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা!

অনলাইন ডেস্ক

২৬ জুন, ২০২৬ | ১১:১১ অপরাহ্ণ

কাতার বিশ্বকাপের পর আবারও ফুটবল বিশ্বের নজর কাড়তে চলেছে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। টুর্নামেন্টের বর্তমান সমীকরণ বলছে, সবকিছু ঠিক থাকলে এবং দুই দলই যদি নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখে, তবে ফাইনালের আগেই সেমিফাইনালে দেখা হয়ে যাবে নেইমার ও মেসিদের।

 

সম্প্রতি অস্ট্রিয়াকে হারিয়ে জে (J) গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে, স্কটল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করে সি (C) গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল। দুই দলই গ্রুপসেরা হওয়ায় নকআউট পর্বের সূচি অনুযায়ী তাদের মুখোমুখি হওয়ার পথ এখন অনেকটাই পরিষ্কার।

 

সেমিফাইনালে ওঠার চ্যালেঞ্জ সুপার ক্লাসিকো লড়াই দেখার আগে ব্রাজিল ও আর্জেন্টিনাকে আরও তিনটি কঠিন ধাপ পার করতে হবে। এগুলো হলো—শেষ ৩২, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল।

 

আর্জেন্টিনার জন্য এই পথটা সহজ হবে না। শেষ ৩২-এ তাদের লড়তে হবে উরুগুয়ে, কেপ ভার্দে বা সৌদি আরবের মতো যেকোনো একটি দলের বিপক্ষে । এই বাধা টপকাতে পারলে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া কিংবা বেলজিয়াম। এমনকি কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সঙ্গে।

 

অন্যদিকে, ব্রাজিলকে শেষ ৩২-এ মোকাবিলা করতে হতে পারে নেদারল্যান্ডস, সুইডেন কিংবা জাপানের মতো দলকে। শেষ ষোলোতে তাদের সামনে আসতে পারে ফ্রান্স বা নরওয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষ এবং কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে ইংল্যান্ডের সঙ্গে।

 

পরিসংখ্যানে কে এগিয়ে? বিশ্বকাপের মঞ্চে ১৯৯০ সালের পর আর কখনও দেখা হয়নি এই দুই পরাশক্তির। বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়ে ব্রাজিল জিতেছে ২টিতে আর আর্জেন্টিনা ১টিতে, বাকি ম্যাচটি ড্র হয়েছে। তবে সামগ্রিক পরিসংখ্যানে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে। ১০৬ বারের লড়াইয়ে আলবিসেলেস্তেরা জিতেছে ৪১ বার, আর সেলেসাওরা জয় পেয়েছে ৩৯ ম্যাচে। ড্র হয়েছে ২৬টি ম্যাচ। শেষ চারবারের দেখায়ও দাপট দেখিয়েছে আর্জেন্টিনা, যেখানে তারা তিনটিতেই জয় পেয়েছে ।

 

এখন ফুটবল ভক্তদের অপেক্ষা, যেখানে নির্ধারিত হবে কে হাসবে শেষ হাসি।

 

পূর্বকোণ/কায়ছার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট