২০০২’র পর বিশ্বকাপে শিরোপাশুন্য ব্রাজিল। নিজেদের শোকেসে ৫টি ট্রফি নিয়ে এবার ২৩তম বিশ্বকাপে ব্রাজিল নেমেছে হেক্সা (৬ষ্ঠ বিশ্বকাপ) স্বপ্নপূরণের প্রত্যাশা নিয়ে। ব্রাজিল সেটা পারবে কিনা তা সময়ই বলে দেবে। তবে চলতি আসরে মরক্কোর বিরুদ্ধে শুরুটা উড়ন্ত না হলেও হাইতি ও স্কটল্যান্ডকে উড়িয়ে ভিনিসিয়ুস জুনিয়ররা ইতিমধ্যে পৌছে গেছেন নক-আউটে।
রাউন্ড অব ৩২-এ’র দ্বিতীয় ম্যাচেই আগামী সোমবার ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় তারা মাঠে নামবে জাপানের বিরুদ্ধে। স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। জাতীয় দলের জার্সিতে প্রায় ৩ বছর পর তাঁর ফেরা পুরো দলকেই উজ্ঝীবিত করছে। স্কটল্যান্ডে ম্যাচেই সেটার ঝলক দেখা গেছে। ব্রাজিল দলের পুরো মনযোগ এখন জাপান ম্যাচের দিকে। তবে ঘুরেফিরে আলোচনায় থাকছে স্কটল্যান্ডের বিরুদ্ধে ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিক বঞ্চিত হওয়ার খবর।
ব্রাজিল ফরোয়ার্ডের বাতিল হওয়া একটি গোল নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের একটি ঘটনাও উল্লেখ করেছে। সেই ম্যাচে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার অস্ট্রিয়ার জাভের শ্লাগারের কাছ থেকে বল কেড়ে নেন। এরপর সেই আক্রমণ থেকেই বল পৌঁছে যায় লিওনেল মেসির কাছে এবং আর্জেন্টাইন অধিনায়ক দলকে এগিয়ে নেয়ার গোল করেন।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটে বিতর্কিত ঘটনাটি ঘটে। প্রতিপক্ষের ডিফেন্ডার জ্যাক হেনড্রিকে সাথে বল দখলের লড়াই জিতেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলরক্ষককে পরাস্ত করে বল জালেও পাঠান ভিনি। মেক্সিকান রেফারি সিজার রামোস সাইডলাইনের মনিটরে গিয়ে ঘটনাটি আবার দেখেন। রিপ্লে পর্যবেক্ষণের পর তিনি সিদ্ধান্ত দেন, বল দখলের মুহূর্তে ভিনিসিয়ুস প্রতিপক্ষের ওপর ফাউল করেছিলেন। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই গোলটি বাতিল করা হয়। রেফারির এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন ভিনিসিয়ুস। ম্যাচ শেষে ভিনি বলেন, এটা লজ্জাজনক।
ব্রাজিলের দাবি, আর্জেন্টিনা ম্যাচে ম্যাক অ্যালিস্টারের ওই ট্যাকলও ফাউল হিসেবে বিবেচিত হতে পারত। কিন্তু মিশরীয় রেফারি আমিন ওমর খেলায় কোনো বাধা দেননি এবং আক্রমণ চলতে দেন। পরবর্তীতে সেই সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে সিবিএফ।
পূর্বকোণ/কিরণ/পারভেজ















