২৩তম বিশ্বকাপ ভাসছে গোলবানে। চলতি আসরে মাত্র ৫৯ ম্যাচেই গোলসংখ্যা পৌঁছে গেছে ১৭৭-এ। গ্রুপ পর্বে আরও ডজন ম্যাচ বাকি। গোলসংখ্যা নিশ্চিতভাবেই আরও বাড়বে। প্রসঙ্গত. ৩২ দলের কাতার বিশ্বকাপে ৬৪ ম্যাচে মোট গোল হয়েছিল ১৭২টি। ৪৮ দলের এবারের আসরে মোট ম্যাচ ১০৪টি। গোলসংখ্যার এই হার তাই একেবারেই অস্বাভাবিক নয়।
এদিকে শুধু গোলই নয় গ্যালারিতেও নতুন ইতিহাস গড়েছে চলতি বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দর্শক উপস্থিতিতে ১৯৯৪ সালের রেকর্ড ভেঙে দিয়েছে। ফিফা জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬ লাখের বেশি দর্শক মাঠে বসে বিভিন্ন ম্যাচ উপভোগ করেছেন। ২৬ জুন নিউজার্সির জার্মানি ও ইকুয়েডরের ম্যাচ চলাকালে ফিফা এই রেকর্ডের ঘোষণা দেয়। স্টেডিয়ামের বড় পর্দায় দর্শক উপস্থিতির নতুন সংখ্যা ৩৬ লাখ ৫ হাজার ৩৫৭ দেখানো হয়। এর আগে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ছিল ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। সে আসরে প্রায় ৩৬ লাখ দর্শক মাঠে উপস্থিত ছিলেন। তবে তখন পুরো টুর্নামেন্টে ম্যাচ ছিল মাত্র ৫২টি। এবার এখনও ৪৮টি ম্যাচ বাকি থাকায় শেষ পর্যন্ত দর্শক উপস্থিতির সংখ্যা আগের রেকর্ডের তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
২৬ জুন সকালে যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারায় তুরস্ক। ম্যাচের প্রথম গোলটিই বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ে দেয়। আসরে এখন পর্যন্ত দলগত সর্বোচ্চ ১০টি করে গোল করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। সবচেয়ে বেশি ১২ গোল হজম করেছে তিউনিসিয়া। ব্যক্তিগত গোলদাতার তালিকায় শীর্ষে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, ৫টি। ৪টি করে গোল করেছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ড।
পূর্বকোণ/কিরণ/পারভেজ















