যৌতুকের জন্য চিকিৎসক স্ত্রীকে গুরুতর আঘাতের মামলায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) চিকিৎসক রাসেল মোরশেদের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই সিদ্দিকুর রহমান। এর আগে এদিন মামলার শুনানি উপলক্ষে বাদী ডা. ফারহা করিম ও রাসেল মোরশেদ আদালতে হাজির হন। বাদীপক্ষের আইনজীবী মাহমুদা বেগম আসামির জামিন বাতিল চেয়ে আবেদন করেন। […]