চট্টগ্রামের ফটিকছড়িতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই কিশোর দলের বিরোধের জেরে মুহাম্মদ আসাদুজ্জামান (২০) নামে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের নোয়াইত্তে বাজারে এ ঘটনা ঘটে। আহত আসাদুজ্জামান দক্ষিণ কাঞ্চননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আশিক উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল টিমের খেলা নিয়ে দুই কিশোর দলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বিরোধ মীমাংসা করতে এগিয়ে গেলে আসাদুজ্জামান ছুরিকাঘাতে আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, দুই কিশোর দলের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে বলে তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















