বিদেশে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ফটিকছড়িতে গৃহবধূ সামিহা হাকিম নেহার (১৯) রহস্যজনক মৃত্যুর মামলার প্রধান আসামি তার স্বামী মারুফ পারভেজ।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
ফটিকছড়ি থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রবিউল আলম খান জানান, বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ মারুফ পারভেজকে আটক করে এবং বিষয়টি ফটিকছড়ি থানা পুলিশকে জানায়। খবর পাওয়ার পর তাকে নিজেদের হেফাজতে নিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাতে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় শ্বশুরবাড়িতে গৃহবধূ সামিহা হাকিম নেহার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের মা রূপা আক্তার বাদী হয়ে স্বামী মারুফ পারভেজসহ দুজনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা করেন।
নিহতের মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামীর বাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন নেহা। তাকে বিভিন্ন সময় মারধর করা হতো এবং একপর্যায়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। নেহার মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পূর্বকোণ/রানা/পারভেজ

















