চট্টগ্রাম সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬

প্রথমবার হকির টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

প্রথমবার হকির টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৬ | ১২:২১ পূর্বাহ্ণ

হকির সংক্ষিপ্ত ও দ্রুতগতির সংস্করণ ফাইভ-এ-সাইডের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর মিসরের কায়রোতে বসবে অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড বিশ্বকাপের প্রথম আসর। টুর্নামেন্টে অংশ নিতে ৬ ডিসেম্বর দেশ ছাড়বেন বাংলাদেশ।
 
প্রচলিত হকিতে ১১ জন খেললেও ফাইভ-এ-সাইডে দুই দলের পাঁচজন করে চারজন মাঠের খেলোয়াড় ও একজন গোলরক্ষক খেলেন। ২০ মিনিটের এই খেলা হয় ছোট মাঠে এবং চারপাশে বাউন্ডারি বোর্ড থাকায় বল বাইরে যাওয়ার সুযোগ থাকে না। দুই মিনিটের স্বল্প বিরতি ও দ্রুতগতির কারণে গোলের সুযোগ বেশি তৈরি হয়, যে কারণে একে হকির টি-টুয়েন্টিও বলা হয়।
 
২০১৪ সালে যুব অলিম্পিকে এই সংস্করণ যুক্ত হয় এবং ২০২৪ সালে মাস্কটে অনুষ্ঠিত হয় প্রথম সিনিয়র বিশ্বকাপ। ১২ দলের এই প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, চিলি ও সুইজারল্যান্ড। আগামী ৯ ডিসেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
 
গত জুলাইয়ে ওমানে অনুষ্ঠিত এশিয়ান বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট পায় বাংলাদেশ। তবে বাছাইপর্ব ছাড়া এই সংস্করণে খেলার আর কোনো পূর্বঅভিজ্ঞতা নেই দলের। তাই বিশ্বকাপকে অভিজ্ঞতা অর্জন ও সামর্থ্য প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন কোচ শেখ মোহাম্মদ নান্নু। তিনি বলেন, ‘আমরা এর আগে এই সংস্করণে খেলিনি। বিশ্বকাপে শেখার পাশাপাশি যতটা সম্ভব ভালো করার চেষ্টা থাকবে।’
 
এই বিশ্বকাপের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের বাজেট ধরা হয়েছে ৬০ লাখ টাকা। এছাড়া ভবিষ্যতের কথা ভেবে ফাইভ-এ-সাইডের জন্য আলাদা দল গড়ার পরিকল্পনাও করছে ফেডারেশন।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন