চট্টগ্রাম সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬

আ.লীগকে ডিল করতে না পেরে জাতীয় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ

আ.লীগকে ডিল করতে না পেরে জাতীয় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ

অনলাইন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৬ | ১২:১৮ পূর্বাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার বিকেলে রাজশাহীতে বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে রাজশাহী মহানগর ও জেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে। নাহিদ ইসলাম বলেন, ‘এখন তারা আট মাস পরে এসে জাতীয় ঐক্যের কথা বলছে। কারণ, এখন তাদের আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে গিয়েছে। তারা আর আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে। গত আট মাস এই জাতীয় ঐক্য কোথায় ছিল? ৫ আগস্টের পরে এই জাতীয় ঐক্য কোথায় ছিল?’
 
বিএনপির বিরুদ্ধে জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগ তোলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ। তার দাবি, এসব কর্মকাণ্ডে বিএনপি জাতীয় ঐক্য ও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যার ফলে জনগণের আস্থা কমেছে।
 
জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু, ১৬ বছরের গুম-খুন ও তিনটি বিতর্কিত নির্বাচনের বিচার এখনো নিশ্চিত হয়নি উল্লেখ করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবি করেন নাহিদ ইসলাম।
 
ভারতের সঙ্গে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর শেষ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে এবং পানিসম্পদমন্ত্রীর চিঠিরও উত্তর মেলেনি। ভারত তিস্তার মতো পদ্মার পাড় ও রাজশাহী অঞ্চলকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। সীমান্তে বিজেপি ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, পানির ন্যায্য হিস্যা আদায় ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ের ডাক দেন এনসিপি আহ্বায়ক।
 
সমাবেশে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। তিনি বলেন, কিছু মিডিয়া অবৈধ অস্ত্র, রামদা ও চায়নিজ কুড়াল না দেখে সবকিছুকে লগি-বইঠা বলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। স্বৈরাচারের পক্ষে সম্মতি উৎপাদনকারী ও ভারতের দালালদের বাংলাদেশ থেকে উচ্ছেদের হুঁশিয়ারি দেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন সারজিস।
 
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার পদ্মার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও নিষিদ্ধ করার দাবি জানান।
 
এর আগে নগরের আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাহেববাজার জিরো পয়েন্টে বড় মসজিদের সামনে সমাবেশে মিলিত হয়। মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান ও জেলার সদস্যসচিব নাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী ও জেলা আহ্বায়ক এম এ সবুরও বক্তব্য দেন।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট